নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে ১০০ জন
- উদ্ধারে সেনা মোতায়েন

নেপালের নুয়াকোটের ত্রিশূলিতে বন্যায় ভূমি ধসে নদীর স্রোতের মুখে ঝুলে আছে ট্রাক।
গত বুধবারের ভয়াবহ হড়পা বানের ধাক্কায় বিপর্যস্ত নেপালে নতুন করে ছড়িয়েছে আতঙ্ক। ত্রিশূলি ৩ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা পড়েছেন কমপক্ষে ১০০ শ্রমিক ও স্থানীয় বাসিন্দা। তাদের উদ্ধারে এর মধ্যে দুটি সেনা হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধারকাজ চালাচ্ছে নেপালের সেনাবাহিনী।
সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘যারা আটকে রয়েছেন, তাদের খুঁজে বের করে উদ্ধার করাই আমাদের লক্ষ্য। ত্রিশূলি ৩ প্রকল্পের সুড়ঙ্গে বেশ কিছু মানুষ আটকে রয়েছেন। আমরা এরই মধ্যে দুটি হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠিয়েছি।’
তবে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হচ্ছে সেনাদের। কারণ, বুধবারের হড়পা বানে ভয়াবহ ধস ও জলস্রোতে সুড়ঙ্গের মুখ সম্পূর্ণরূপে চিহ্নিত করা যাচ্ছে না। ধ্বংসাবশেষ ও কাদায় মুখ আটকে থাকায় উদ্ধারকারী দল প্রবেশের পথ পাচ্ছে না।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রতিকূল আবহাওয়া ও তীব্র জলস্রোত মোকাবিলা করে নেপালি সেনা এখন পর্যন্ত সুড়ঙ্গে আটকে থাকা ৩৫০ শ্রমিক ও স্থানীয় বাসিন্দাকে উদ্ধার করেছে। তবে এখনো সুড়ঙ্গের ভেতরে আরও ১০০ জনের বেশি মানুষ আটকে রয়েছেন। তাদের নিরাপদে বের করে আনার জন্য সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে।’
ঘটনাস্থলে ত্রাণও পাঠানো হয়েছে। যারা সুড়ঙ্গে আটকে রয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা গেলেই দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়া হবে।







