নারী সেজে বোনের পরিচয়ে ছিলেন অপরাধী, ৮ বছর পর ধরা

সংগৃহীত ছবি
সম্প্রতি ২০১৮ সাল থেকে পলাতক থাকা তুরস্কের এক ব্যক্তির সন্ধান মিলেছে ইস্তাম্বুলে। সেখানে তিনি সম্পূর্ণ ভিন্ন চেহারায় নারী পরিচয়ে বসবাস করছিলেন। তুরগুল বাসার নামের ওই ব্যক্তিকে ২০১০ সালে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে তিনটি ডাকাতির ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছিল। তবে তিন বছরের কারাদণ্ড এড়াতে ২০১৮ সালে পালিয়ে যেতে সক্ষম হন তিনি।
এরপর থেকে কর্তৃপক্ষ তাকে খুঁজছিল, কিন্তু কোনো সন্ধান পায়নি। সম্প্রতি পলাতক আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানোর সময় ইস্তাম্বুলের জানদিকয় এলাকায় তাকে শনাক্ত করা হয়। দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতেই ওই অভিযান চালানো হয়েছিল।
বিশেষ অভিযানে গ্রেপ্তার অন্য আসামিদের মধ্যে বাসারের ঘটনাটি আলাদা করে নজর কেড়েছে। কারণ, কয়েক বছর ধরে তিনি নারী পরিচয়ে বসবাস করছিলেন। এ জন্য নিজের বোনের পরিচয় ব্যবহার করতেন এবং চেহারায় এমন পরিবর্তন এনেছিলেন যে তাকে চেনার উপায় ছিল না।
এত বছর পর পুলিশ কীভাবে তুরগুল বাসারের সন্ধান পেয়েছে, তা স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, তার পরিবারের সদস্য ও পরিচিতজনের ওপর নজরদারি চালিয়ে তাকে শনাক্ত করা হয়েছে। এতে তদন্তকারীরা জানতে পারেন, তার বোনের বাড়িতে দুই তরুণী বসবাস করছেন। বাড়ির বাইরে যাওয়ার সময় তাদের দুজনই একই পরিচয় ব্যবহার করতেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের প্রতিবেদন অনুযায়ী, বাসারের চেহারায় এতটাই পরিবর্তন এসেছিল যে তাকে শনাক্ত করতে আগের ছবির ওপর নির্ভর করা সম্ভব ছিল না। তদন্তকারীরা তার বোন পরিচয়ে চলাফেরা করা রহস্যময় ওই নারীর ওপর নজরদারি শুরু করেন। পরে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহ করেন।
পুলিশ বাসারের বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করার সময় তার কাছে বোনের পরিচয়পত্র ছিল। তবে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তার প্রকৃত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।
ছদ্মবেশ ধারণের পাশাপাশি এ পরিবর্তন আনতে বাসার অস্ত্রোপচারও করিয়েছিলেন। তবে এত কিছু করেও কারাদণ্ড এড়াতে পারছেন না তিনি। তুরগুল বাসারকে পুরুষদের কারাগারেই সাজা ভোগ করতে হবে।



