সাল ২১০০। শহরের আকাশে মেঘের মধ্যে সুউচ্চ দালান। রাস্তায় শোঁ শোঁ করে চলেছে চালকবিহীন গাড়ি। প্রতিটি শহুরে মানুষের হাতে হালের উন্নত প্রযুক্তি। তবে ভবিষ্যৎ এই নগরীর অলিগলিতে মানুষের সমাগম সীমিত। নেই শহর নিয়ে অযাচিত কৌতূহল, উন্মাদনা। কারণ সবাই-ই ছোট, বড়, নতুন, পুরনো কোনো না কোনো শহরের বাসিন্দা। গ্রামীণ জনপদ বলে কিছু নেই। এমনই নাকি হবে ভবিষ্যতের লোকালয়। চিরতরে বিলুপ্ত হয়ে যাবে গ্রাম। সব তখন শহর!
কোনো সায়েন্স ফিকশন শহরকেন্দ্রিক গল্প নয় এটি। বরং চলতি বছরের জুন মাসের একটি গবেষণায় উঠে এসেছে অদূর ২১০০ সা...