নিষেধাজ্ঞা কাটলে নেপাল থাকবে বাংলাদেশের গ্রুপে

ফিফার নিষেধাজ্ঞায় গভীর সংকটে নেপালের ফুটবল। নভেম্বরে ঢাকায় বসতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে খেলা অনিশ্চিত তাদের। তবে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন নেপালের জন্য একটা দরজা খোলা রাখছে। আজ ভুটানের থিম্পুতে নেপালকে বাইরে রেখে হবে মর্যাদার আসরের ড্র। ছয় দলকে দুই গ্রুপে ভাগ করা হবে। ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলে নেপাল খেলবে স্বাগতিক বাংলাদেশের গ্রুপে। সেক্ষেত্রে শেষ চারে যেতে বাংলাদেশকে খেলতে হবে তিন ম্যাচ।
কেন এই সিদ্ধান্ত— জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টাল, ‘টুর্নামেন্টের স্বার্থে স্বাগতিক দলকে একটি বেশি ম্যাচ খেলানোর জন্য নিষেধাজ্ঞামুক্ত নেপালকে রাখা হবে বাংলাদেশের গ্রুপে। আগামীকাল (আজ) সাফের নির্বাহী কমিটির সভা আছে। সেখানে নেপালের জন্য আমরা কত সময় অপেক্ষা করব, তার একটা সময়সীমা বেঁধে দেওয়া হবে। ওই সময়ের মধ্যে ফিফার নিষেধাজ্ঞামুক্ত হতে পারলেই তাদের সুযোগ হবে খেলার। নইলে ছয় দল নিয়েই হবে টুর্নামেন্ট।’
সাফ সিদ্ধান্তটা নিচ্ছে বাণিজ্যিক ফায়দার কথা ভেবে। ঘরের মাঠে বাংলাদেশ বেশি ম্যাচ খেললে গেটমানি এবং প্রচার স্বত্ব বাবদ বড় লাভের স্বপ্ন দেখছে আঞ্চলিক এই ফুটবল সংস্থা। তবে এতে বাংলাদেশের কাজটা কঠিন হবে। গ্রুপ পর্ব পেরোতে তাদের খেলতে হবে তিন ম্যাচ। সর্বশেষ ২০১৮ সাফ হয়েছিল ঢাকায়। সেবারও তিন দলের গ্রুপে ছিল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও ভুটানকে হারালেও নেপালের কাছে ২-০ গোলে হেরে সেমিফাইনালে যাওয়া হয়নি।




