এক নম্বরে ‘আদর্শ বাল বিদ্যালয়’

ভারতীয় চলচ্চিত্র ‘আদর্শ বাল বিদ্যালয়’ এর দৃশ্য। ছবি: সংগৃহীত
ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে বিশ্বব্যাপী বিশ্বের ২৪০টির বেশি দেশ ও অঞ্চলের সবচেয়ে বেশি দেখা অ-ইংরেজি সিরিজের তালিকায় শীর্ষস্থান দখল করেছে ভারতের ‘আদর্শ বাল বিদ্যালয়’। শুধু তাই নয়, গত দুই বছরে প্রাইম ভিডিওতে ভারতের সবচেয়ে বৃহৎ অরিজিনাল সিরিজ উদ্বোধনের রেকর্ড গড়েছে এটি। একটি অগোছালো কিন্তু মজার এবং হৃদয়ছোঁয়া স্কুলজীবনের গল্প রয়েছে এতে। বিদ্যালয়ে নির্ভার প্রধান শিক্ষককে ঘিরে এগিয়ে চলে কাহিনি। সরকারি পৃষ্ঠপোষকতায় লন্ডনের কেমব্রিজে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাওয়ার চেষ্টা করতে গিয়ে শুরু হয় তাদের জীবনের এক অপ্রত্যাশিত পরিবর্তনের যাত্রা।
হিমাংক গৌরের পরিচালনায় সাত পর্বের এই কমেডি-ড্রামা সিরিজ প্রাইম ভিডিওতে গত ২৪ জুলাই মুক্তি পায়। এতে প্রধান শিক্ষক চরিত্রে অভিনয় করেছেন কে কে মেনন। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অর্চনা পুরাণ সিং, অভিমন্যু সিং, নবীন কাস্তুরিয়া, প্রসন্ন বিশ্ট, দেবেন ভোজানি, অজিতেশ গুপ্ত, অন্নপূর্ণা সোনি ও প্রাচী শাহ।
পারিবারিক বিনোদনধর্মী সিরিজটির মাধ্যমে ভারতের স্থানীয় সংস্কৃতি ও বাস্তবতার গল্প বিশ্ব জুড়ে দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করছে। ভারতের মফস্বল জীবনের আবেগ, হাস্যরস ও আন্তরিকতা দারুণভাবে তুলে ধরা হয়েছে এতে। এর চিত্রনাট্য লিখেছেন বিশ্বপতি সরকার, অক্ষয় আস্থান, নুপুর পাই, তাতসাত পান্ডে ও মেঘনা শ্রীবাস্তব।




