নতুন কুঁড়ি স্পোর্টস
পঞ্চম দিনের ফলাফল

ছবি: আগামীর সময়
ব্যাডমিন্টন
খুলনার রাহমার ডাবল ক্রাউন
ব্যাডমিন্টনের কোর্টে দারুণ নৈপুণ্য দেখিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন ডিসিপ্লিনে আলো ছড়িয়েছেন খুলনার শাটলার রাহমা জান্না। বালিকা একক এবং বালিকা দ্বৈতে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছে রাহমা। পল্টন ইনডোরে অনুষ্ঠিত হয়েছে ব্যাডমিন্টন ডিসিপ্লিনের সব খেলা।
বালিকা এককের ফাইনালে কুমিল্লার নুসরাত জাহানকে প্রথম সেটে ২১-১৭ পয়েন্টে হারানোর পর দ্বিতীয় সেটে ২২-২০ পয়েন্টে হারিয়ে সেরা হয় খুলনার এ প্রতিযোগি। এককের সাফল্যের রেশ কাটতে না কাটতেই দ্বৈত বিভাগেও শ্রেষ্ঠত্ব পেয়েছে রাহমা। ফাইনালে তাসনিয়া ইসলামের সঙ্গে জুটি গড়ে রাহমা ২১-১১ ও ২১-১৬ পয়েন্টে ফরিদপুরের আয়শা খানম ও হোমায়রা হাসান জুটিকে হারায়। তাতেই নিশ্চিত হয় ডাবল ক্রাউন।
এদিকে ব্যাডমিন্টন বালক এককের ফাইনালে খুলনার শেখ মোহাম্মদ তানভীরকে চট্টগ্রামের রুদ্র ত্রিপুরা ২১-১৭ ও ২১-১৬ পয়েন্টের হারিয়েছে সেরা হয়েছে। তবে বালক দ্বৈতে পারেননি রুদ্র। প্রানন চাকমা ও রুদ্র জুটিকে ২১-১৭ ও ২১-১১ পয়েন্টে হারিয়ে সেরা হয়েছে খুলনার শেখ মোহাম্মদ তানভীর ও রিফাতুল ইসলাম জুটি।
কাবাডি
রংপুর ও সিলেট সেরা
মিরপুরের শহীদ সোহরাওয়র্দি ইনডোর স্টেডিয়ামে শেষ হয়েছে কাবাডি ডিসিপ্লিনের খেলা। বালিকা বিভাগের রংপুর ও বালক বিভাগে সেরা হয়েছে সিলেট।
মেয়েদের ফাইনালে খুলনাকে ৫৩-২৯ পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক জিতেছে রংপুর। সেরা হওয়ার উদযাপনটা ছিল দেখার মতো। ডোয়াইন ব্রাভোর বিখ্যাত চ্যাম্পিয়ন গানের সাথে নেচে গেয়ে ইনডোর স্টেডিয়াম মাতিয়ে রাখেন রংপুরের মেয়েরা। ম্যাচে অবশ্য একটা সময় ১৫-৫ পয়েন্টে এগিয়ে গিয়েছিল খুলনা। তবে শুরুর ধাক্কা সামলে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রংপুর। প্রথমার্ধেই ২২ -১৮ পয়েন্টে এগিয়ে যায় দেশের সর্ব উত্তরের বিভাগটি। দ্বিতীয়ার্ধে আধিপত্যে ধরে রেখে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে রংপুর।
এদিকে বিকেলে বালক িবভাগের ফাইনাল ছিল রোমাঞ্চে ঠাসা। রুদ্ধশ্বাস লড়াইয়ে রংপুরকে ৩৮-৩৫ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট। ম্যাচে কখনো সিলেট কখনো বা এগিয়ে যায় রংপুর। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ২০-১৮ ব্যাবধানে এগিয়ে প্রথমার্ধ শেষ করে সিলেট। দ্বিতীয়ার্ধেও ছিলো নাটকীয়তা। দু দলই দুটি করে লোনা পেলেও শেষ মুহূর্তে চার পয়েন্টে এগিয়ে জয় নিশ্চিত করে সিলেট।
ফুটবল
আজ হবে ফাইনালে ওঠার লড়াই
মোহাম্মদপুরের শারীরি শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে বালক ও বালিকা বিভাগের চারটি কোয়ার্টার ফাইনাল। বালক বিভাগে রংপুর ২-১ ব্যবধানে কুমিল্লাকে এবং সিলেট সিলেট ২-০ গোলে খুলনাকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে।
অন্যধিকে বালিকা বিভাগেও সেমিফাইনালে নাম লিখিয়েছে রংপুর। তারা কুমিল্লাকে হারিয়েছে ১-০ ব্যবধানে। তবে অপর কোয়ার্টার ফাইনালে সিলেটকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ চারের টিকিট কেটেছে খুলনা।
আজই দুই বিভাগের চারটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে একই মাঠে। নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী দিনে আর্মি স্টেডিয়ামে হবে ফুটবলের দুটি ফাইনাল।




