জাতীয় ব্যাডমিন্টন
অভাবকে জয় করে চ্যাম্পিয়ন লিকা পোদ্দার

৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের নারী এককে ইতিহাস গড়েছেন নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার শাটলার লিকা পোদ্দার। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে তিনি সাবেক চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনীর শাটলার উর্মি আক্তারকে ২২-২০, ১১-২১, ২১-১৮ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জন করেছেন। এটি তার খেলোয়াড়ী জীবনের প্রথম সিনিয়র জাতীয় শিরোপা।
মংলা থেকে উঠে আসা ২৪ বছর বয়সী লিকা পোদ্দারের এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের গল্প। পরিবারে অর্থনৈতিক সচ্ছলতা ছিল না। লিকার বাবা একজন সাধারণ মৎস্যজীবী, যিনি নদীতে মাছ ধরে কোনোমতে সংসার চালান। দুই বোন, বাবা ও মাকে নিয়ে গড়া চার সদস্যের পরিবারে এখন অনেকটাই হাল ধরতে হয়েছে লিকাকে। সার্ভিসেস টিমের কোনো খেলোয়াড় না হয়েও এলোরা শাটলিন একাডেমি এবং কাওসাকি ব্র্যান্ডের স্পন্সরশিপ ও কোচের সহযোগিতায় তিনি ক্যারিয়ার এগিয়ে নিয়ে গেছেন।
ম্যাচ জয়ের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন লিকা। ভিডিও কলে মংলায় থাকা মায়ের সাথে কথা বলার সময় কেঁদে ফেলেন তিনি। মায়ের অনেকদিনের স্বপ্ন ছিল মেয়েকে বড় কোনো জায়গায় দেখার। জীবনের প্রথম সিনিয়র শিরোপা জয় করে সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ দিয়েছেন লিকা। শতভাগ পরিশ্রম ও আত্মবিশ্বাসকে পুঁজি করে আগামী দিনেও নিজের শিরোপা ধরে রাখা এবং দেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে গৌরব অর্জন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ব্যাডমিন্টনের এই নতুন রানি।




