যুক্তরাষ্ট্র বাস্কেটবল
বালোগুনের পর এবার দোঞ্চিচের দলবদল নিয়ে ট্রাম্পের হস্তক্ষেপ

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের পেশাদার বাস্কেটবলকে নিয়ে ট্রাম্পের একটি মন্তব্যকে ঘিরে তীব্র আলোচনা শুরু হয়েছে। ডালাস ম্যাভেরিকস ও লস অ্যাঞ্জেলেস লেকার্সের মধ্যে লুকা দোঞ্চিচের দলবদল নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি। এর আগে ২০২৬ বিশ্বকাপেও ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞায় হস্তক্ষেপের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।
সম্প্রতি রিপাবলিকান পার্টির সম্মেলনে ডালাসে দেওয়া বক্তব্যে দোঞ্চিচের দলবদল নিয়ে কথা বলেছেন ট্রাম্প, ‘ডালাস ম্যাভেরিকস দারুণ একটি দল। তবে সত্যি বলতে দোঞ্চিচের চুক্তিটা আমি বুঝতে পারিনি। বাস্কেটবল সম্পর্কে আমি কীই-বা জানি! আমার মনে হয় না এই চুক্তি ক্রীড়া ইতিহাসের সেরা দলবদল হিসেবে জায়গা করে নেবে। বরং এটি সবচেয়ে বাজে চুক্তি হিসেবেই পরিচিত হতে পারে।’
এতেই থামেননি মার্কিন প্রেসিডেন্ট। ম্যাভেরিকসকে পরামর্শ দিয়ে তিনি বলেন, দোঞ্চিচকে লেকার্সে পাঠানোর সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা উচিত।
দোঞ্চিচের দলবদলকে সমালোচনা করতে গিয়ে ট্রাম্প টেনে আনেন বেসবলের কিংবদন্তি বেবে রুথের প্রসঙ্গও। তার মতে, ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বাজে দলবদল ছিল বেবে রুথকে বোস্টন রেড সক্স থেকে নিউইয়র্ক ইয়াঙ্কিজে পাঠানো। ১৯১৯ সালের ২৬ ডিসেম্বর ১ লাখ মার্কিন ডলারের বিনিময়ে রুথকে ইয়াঙ্কিজের কাছে বিক্রি করেছিল রেড সক্স। সে সময়ের হিসাবে এটি ছিল রেকর্ড অঙ্কের অর্থ। এর সঙ্গে ছিল ৩ লাখ ডলারের ঋণও।
রুথের দলবদলের পর রেড সক্সের দীর্ঘ শিরোপা খরা শুরু হয় যা ‘কার্স অব দ্য ব্যাম্বিনো’ নামে পরিচিতি পায়। অন্যদিকে রুথকে নিয়ে ইয়াঙ্কিজ চারবার জেতে ওয়ার্ল্ড সিরিজ।
রুথের দলবদলকে সবচেয়ে বাজে বলার পরও দোঞ্চিচের চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প, ‘বেবে রুথের চুক্তিটিই সবচেয়ে বাজে হিসেবে থেকে যাবে। কিন্তু দোঞ্চিচের চুক্তিটা কি সবচেয়ে বাজে? এটা ভালো কিছু নয়। তাহলে কি আমরা চুক্তিটি নতুন করে করতে পারি? আমি সব সময়ই চুক্তি পুনরায় করি। আমাদের এই চুক্তিটিও পুনর্বিবেচনা করতে হবে। সত্যি বলতে, আমি এই চুক্তিটা বুঝতে পারছি না।’





