মানহানির মামলায় অলিম্পিক পদকজয়ী মেরি কমকে দিল্লির আদালতের নোটিস

ভারতীয় বক্সার ও অলিম্পিক পদকজয়ী মেরি কম
প্রাক্তন স্বামীর দায়ের করা মানহানির মামলায় ভারতীয় বক্সার ও অলিম্পিক পদকজয়ী মেরি কমের কাছে জবাব চেয়েছেন দিল্লির একটি আদালত। টেলিভিশন সাক্ষাৎকারে তাকে নিয়ে মিথ্যা ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে মামলা করেছেন করুং ওনখোলের।
শুক্রবার সাকেত আদালতের বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট শিবম গুপ্ত প্রাথমিক সাক্ষ্য গ্রহণের পর মেরি কমকে নোটিস পাঠান। আগামী ২১ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। আইনজীবীর মাধ্যমে আদালতে জবাব দিতে বলা হয়েছে তাকে।
গত ৬ অক্টোবর দায়ের করা অভিযোগে ওনখোলের দাবি করেন, ২০২৬ সালের ১১ জানুয়ারি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে মেরি কম তাকে অসৎ, অবিশ্বস্ত, বেকার ও স্ত্রীর আয়ের ওপর নির্ভরশীল হিসেবে তুলে ধরেন। তার বিরুদ্ধে ব্যাংকের অর্থ আত্মসাৎ, অনুমতি ছাড়া ঋণ নেওয়া, সম্পত্তি বন্ধক রাখা এবং চার সন্তানের দায়িত্ব পালনে অবহেলার অভিযোগও করা হয় বলে দাবি তার।
ওনখোলেরের অভিযোগ, এসব মন্তব্যে মণিপুরসহ বিভিন্ন জায়গায় তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। মেরি কমের ক্রীড়াজীবনে সহায়তা করতে গিয়ে নিজের খেলাধুলা ও পেশাগত উচ্চাকাঙ্ক্ষা বিসর্জন দিয়েছিলেন বলেও দাবি করেছেন তিনি।
২০০৫ সালের ১২ মার্চ তাদের বিয়ে হয়। ২০২৩ সালের ২০ ডিসেম্বর প্রথাগত কম আইন অনুযায়ী তাদের বিবাহবিচ্ছেদ হয়।
আদালতের কাছে মেরি কমের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরুর পাশাপাশি ক্ষতিপূরণ ও নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ওনখোলের। ভারতীয় ন্যায় সংহিতার ৩৫৬ ধারায় দায়ের করা এই মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।
তবে আদালতের নোটিস মামলার প্রাথমিক পদক্ষেপ মাত্র। এতে মেরি কমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, এমন নয়। তার আইনজীবীর পক্ষ থেকে আনুষ্ঠানিক জবাব দেওয়ার কথা রয়েছে।



