এইচএসসিতে পাস শ্রাবণ-মারুফাসহ ক্রীড়াঙ্গনের অনেক তারকা

সংগৃহীত ছবি
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ। এবারের ফলে আনন্দে ভাসছেন দেশের ক্রীড়াঙ্গনের অনেক পরিচিত মুখ। ক্রিকেট, ফুটবল, হকি ও টেবিল টেনিসের বেশ কয়েকজন খেলোয়াড় উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছেন। তাদের ভেতর সবচেয়ে ভালো ফল করেছেন জাতীয় নারী হকি দলের হিমাদ্রি বড়ুয়া। পেয়েছেন জিপিএ ৫।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তারের জন্য এবারের ফল বিশেষ স্বস্তির। গত বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলেও এবার ৩.১৭ জিপিএ নিয়ে পাস করেছেন তিনি। জাতীয় পুরুষ ফুটবল দলের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণও সফল হয়েছেন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ‘এ’ গ্রেড পেয়েছেন এই ফুটবলার।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) ফলও ইতিবাচক। প্রতিষ্ঠানটিতে এবার পাসের হার ৮৩.০৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন চারজন। ‘এ’ গ্রেড পেয়েছেন ৬২ জন, ‘এ’ মাইনাস ৪২, ‘বি’ গ্রেড ২৬ এবং ‘সি’ গ্রেড পেয়েছেন তিনজন। বিকেএসপির নারী ক্রিকেট দলের সবাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। মারুফাসহ নারী ক্রিকেটারদের শতভাগ পাসের সাফল্যে এসেছে বাড়তি আনন্দ।
জাতীয় নারী ফুটবল দলের ছয় খেলোয়াড়ও পাস করেছেন। তাদের মধ্যে স্বর্ণা রাণী মণ্ডল সর্বোচ্চ ৪.০০ জিপিএ পেয়েছেন। নবিরন, ঐশী, বন্যা ও স্বপ্না পেয়েছেন ‘বি’ গ্রেড।
এবারের ফলে খুশির উপলক্ষ রয়েছে জাতীয় নারী হকি দলেও। দলের দুই জমজ সদস্য হিমাদ্রি ও নিলাদ্রি বড়ুয়া পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। হিমাদ্রি পেয়েছেন জিপিএ ৫, আর নিলাদ্রির ফল ৪.৮৩। অল্পের জন্য জিপিএ ৫ না পেলেও প্রত্যাশার চেয়ে ভালো ফল হওয়ায় সন্তুষ্ট দুই বোন।
এ ছাড়া টেবিল টেনিসের খই খই সাই মারমাসহ বিভিন্ন খেলার আরও কয়েকজন ক্রীড়াবিদ এবারের এইচএসসি পরীক্ষায় সফল হয়েছেন।



