কুয়েতে শুরু হলো এবিকে ট্যুর সাইক্লিং প্রতিযোগিতা

সংগৃহীত ছবি
কুয়েতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে দেশটির অন্যতম বড় সাইক্লিং প্রতিযোগিতা ‘এবিকে ট্যুর কুয়েত ২০২৬’। যুব ও ক্রীড়া মৌসুমের অংশ হিসেবে শনিবার (২১ নভেম্বর) সকালে অ্যারাবিয়ান গালফ স্ট্রিটে প্রতিযোগিতাটির উদ্বোধন হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সাইক্লিংয়ে অংশ নেন কুয়েতের যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী ড. তারেক আল-জালাহমা।
সমাজে ক্রীড়াচর্চার প্রসার ও স্বাস্থ্যকর জীবনযাপনে মানুষকে উৎসাহিত করতে আল আহলি ব্যাংক অব কুয়েত এবং ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সাফেক্স কোম্পানি যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করেছে। আয়োজকদের দাবি, কুয়েতে এ ধরনের প্রথম বৃহৎ পরিসরের আনুষ্ঠানিক সাইক্লিং প্রতিযোগিতা এটি।
দুই দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনে শুক্রবার শুয়াইখ বিচ এলাকায় ৪ থেকে ৯ বছর বয়সী শিশুদের জন্য বিশেষ সাইক্লিং রাইডের আয়োজন করা হয়। শনিবার মূল প্রতিযোগিতার দিন অ্যারাবিয়ান গালফ স্ট্রিট সাধারণ যানবাহন চলাচলের জন্য বন্ধ রেখে সাইক্লিস্টদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
এদিন ১৮ বছর ও তদূর্ধ্ব পেশাদার সাইক্লিস্টদের জন্য ১৬ কিলোমিটারের টাইম ট্রায়াল রেস অনুষ্ঠিত হয়। পরে অপেশাদারসহ সব স্তরের সাইক্লিস্টদের জন্য একই দূরত্বের উন্মুক্ত রাইডের আয়োজন করা হয়।
প্রতিযোগিতার পাশাপাশি অংশগ্রহণকারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য ছিল নানা বিনোদনমূলক আয়োজন। এতে কুয়েতি নাগরিকদের পাশাপাশি উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী সাইক্লিস্টও অংশ নেন।
আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ কুয়েতে নিয়মিত শরীরচর্চার প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর পাশাপাশি সুস্থ ও সবল সমাজ গঠনে ভূমিকা রাখবে।



