কুয়েতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো 'এবিকে ট্যুর সাইক্লিং প্রতিযোগিতা ২০২৬'

কুয়েতের অ্যারাবিয়ান গালফ স্ট্রিটে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে দেশটির অন্যতম বড় ও প্রথম আনুষ্ঠানিক সাইক্লিং প্রতিযোগিতা ‘এবিকে ট্যুর কুয়েত ২০২৬’। কুয়েত যুব ও ক্রীড়া মৌসুমের অংশ হিসেবে শনিবার (২১ নভেম্বর) সকালে এই বর্ণাঢ্য ইভেন্টটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থেকে সরাসরি সাইক্লিংয়ে অংশ নেন কুয়েতের যুব ও ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী ড. তারেক আল-জালাহমা। মন্ত্রীর এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উপস্থিত প্রতিযোগী এবং সাধারণ দর্শকদের মাঝে ব্যাপক অনুপ্রেরণা জোগায়।
সমাজে ক্রীড়া সংস্কৃতির প্রসার এবং স্বাস্থ্যকর জীবনযাপনকে উৎসাহিত করার লক্ষ্যে আল আহলি ব্যাংক অব কুয়েত এবং ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান সাফেক্স কোম্পানির যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আয়োজক প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, কুয়েতে এটিই এ ধরনের প্রথম বৃহৎ পরিসরের আনুষ্ঠানিক সাইক্লিং আয়োজন। এই প্রতিযোগিতায় পেশাদার সাইক্লিস্টদের পাশাপাশি অপেশাদার সাইক্লিস্ট এবং শিশুরাও অংশগ্রহণের সুযোগ পেয়েছে। মূলত সব বয়স ও শ্রেণির মানুষকে শরীরচর্চায় উদ্বুদ্ধ করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়।
দুই দিনব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে শুক্রবার বিকেলে শুয়াইখ বিচ এলাকায় ৪ থেকে ৯ বছর বয়সী শিশুদের জন্য একটি বিশেষ সাইক্লিং রাইড অনুষ্ঠিত হয়। এরপর শনিবার মূল প্রতিযোগিতার দিন অ্যারাবিয়ান গালফ স্ট্রিট সাধারণ যানবাহনের জন্য বন্ধ রেখে শুধুমাত্র সাইক্লিস্টদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
এদিন সকালে ১৮ বছর ও তদূর্ধ্ব পেশাদার সাইক্লিস্টদের জন্য ১৬ কিলোমিটার দূরত্বের ‘টাইম ট্রায়াল রেস’ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সব স্তরের সাধারণ সাইক্লিস্টদের জন্য আরও একটি ১৬ কিলোমিটারের ওপেন রাইড এর আয়োজন করা হয়।
সাইক্লিং প্রতিযোগিতার পাশাপাশি পুরো আয়োজনজুড়ে অংশগ্রহণকারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য ছিল নানা ধরনের আনন্দদায়ক ও বিনোদনমূলক কার্যক্রম। উৎসবমুখর এই পরিবেশে কুয়েতি নাগরিকদের পাশাপাশি বিপুলসংখ্যক প্রবাসী সাইক্লিস্টও অংশগ্রহণ করেন।
আয়োজকদের মতে, সামাজিক দায়বদ্ধতা ও টেকসই উন্নয়নের অংশ হিসেবে এ ধরনের বৃহৎ ক্রীড়া আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কুয়েতের সাধারণ মানুষের মধ্যে নিয়মিত শরীরচর্চার প্রতি আগ্রহ বাড়াতে এবং একটি সুস্থ ও সবল সমাজ গঠনে বিশেষ ভূমিকা রাখবে।



