প্রাইজমানি থাকছে না জাতীয় সাঁতারে

বুধবার থেকে শুরু হচ্ছে ৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা। ম্যাক্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে চার দিনব্যাপী এই আসরে থাকছে না বিজয়ীদের জন্য কোনো প্রাইজমানি। গত বছর স্বর্ণজয়ীরা পেয়েছিলেন দুই হাজার টাকা, রৌপ্যজয়ীরা পেয়েছিলেন এক হাজার টাকা এবং ব্রোঞ্জ বিজয়ীরা পেয়েছিলেন ৫০০ টাকা করে। সাঁতার ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি এসে প্রাইজমানি তুলে দিয়েছে। তবে নতুন জাতীয় রেকর্ড গড়লে সাঁতারুরা পাবেন পাঁচ হাজার টাকা করে। এবারের আসরে ৭৪টি দলের প্রায় ৫৭২ জন সাঁতারু অংশ নেবেন।
মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পদকজয়ীদের প্রাইজমানি বাতিলের কারণ জানতে চাইলে বিষয়টি এড়িয়ে গিয়ে রেকর্ড গড়লে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বড় করে দেখিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল। অথচ গত আসরেও রেকর্ডধারীদের জন্য একই অঙ্কের পুরস্কার ছিল। অর্থাৎ নতুন করে যোগ হয়নি কিছুই, উল্টো বাদ পড়েছে পদকজয়ীদের আর্থিক পুরস্কার। সাঁতারে এবার ৪২টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।
ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক্সের ইভেন্ট কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে গত বছর থেকে পুরুষদের ৮০০ মিটার ফ্রিস্টাইল, নারীদের ১ হাজার ৫০০ মিটার ফ্রিস্টাইল, ৪ গুণিতক ১০০ মিটার মিক্সড ফ্রিস্টাইল রিলে এবং ৪ গুণিতক ১০০ মিটার মিক্সড মিডলে রিলে যুক্ত হয়েছে। ডাইভিংয়ে থাকছে ছয়টি ইভেন্ট। ওয়াটার পোলোসহ মোট ইভেন্টের সংখ্যা ৪৯টি। এ ছাড়া বুদ্ধিপ্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী সাঁতারুদের অংশগ্রহণে থাকবে একটি প্রদর্শনী ইভেন্ট।
আজ জাতীয় চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ও সুইমিং ফেডারেশনের সভাপতি অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।



