ফ্লিক যতদিন ইচ্ছা বার্সার কোচ থাকতে পারবেন, যদি...

বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তার সঙ্গে কোচ হান্সি ফ্লিক। ছবি: এক্স
প্রতিদ্বন্দ্বিতার উত্তাল সাগরে ডুবতে বসেছিল বার্সেলোনা। লিওনেল মেসির চলে যাওয়ার সঙ্গে আর্থিক সংকটে কাতালান ক্লাবটি সাফল্যে হাতরে বেড়াচ্ছিল। ক্লাব কিংবদন্তি জাভি এসেও ভঙ্গুর বার্সেলোনাকে ঠিকঠাক তুলতে পারলেন না। এরপর এলেন এক জার্মান, যার কিনা বার্সেলোনার সঙ্গে দূরদূরান্তে কোনও সম্পর্ক নেই। তার খেলানোর ধরনও এই ক্লাবের সঙ্গে যায় না। অথচ হান্সি ফ্লিক নামের সেই জার্মানের জাদুর কাঠিতেই উদয় হয়েছে নতুন বার্সেলোনার।
গত মৌসুমে লা লিগা ও কোপা দে রে জিতেছে বার্সেলোনা। এবার জিতেছে স্প্যানিশ সুপার কাপ। চলতি মৌসুমের তিন প্রতিযোগিতাতেও দুরন্তগতিতে এগিয়ে যাচ্ছে। এমন একজন কোচকে কেন ছাড়তে চাইবে বার্সেলোনা! ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তাও রেখে দিতে চান ফ্লিককে। কাতালুনিয়ার রাজধানীতে এক অনুষ্ঠানে লাপোর্তা ঘোষণা করেছেন, ফ্লিক যতদিন ইচ্ছা কোচ থাকবেন, যদি সামনের নির্বাচনে তিনি সভাপতির পদ ধরে রাখতে পারেন।
বার্সেলোনাভিত্তিক সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর এক অনুষ্ঠানে গিয়েছিলেন ফ্লিক ও লাপোর্তা। ওই অনুষ্ঠানেই জার্মান কোচ বলেছেন, “এখানে (বার্সেলোনা) কাজ করতে পারাটা আনন্দের। আমাদের সঙ্গে আছেন দারুণ এক সভাপতি; এখানকার স্টাফ, খেলোয়াড় ও দর্শক- সবাই অসাধারণ। এখানে সময়টা দারুণ উপভোগ করছি। অবশ্যই খুব ভালো আছি, এখানে আরও অনেক বছর থাকতে চাই।”
২০২৭ সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি ফ্লিকের। অন্যদিকে সামনের মার্চে হতে যাচ্ছে বার্সেলোনার সভাপতি নির্বাচন। এই নির্বাচনে সভাপতির পদ ধরে রাখার লড়াইয়ে থাকা লাপোর্তার ঘোষণা, “আমি যদি আবার সভাপতি হতে পারি, তাহলে ফ্লিক যতদিন ইচ্ছা বার্সেলোনার কোচ হিসেবে থাকবেন। তিনি এই ক্লাবকে খুব ভালোভাবে চেনেন, তাছাড়া তার অভিজ্ঞতাও অনেক।”
ফ্লিকের আরও প্রশংসা ঝরল লাপোর্তার পরের কথায়, “ফ্লিক বেশিদিন থাকতে চান না, তবে এইমুহূর্তে বার্সেলোনার জন্য সবচেয়ে উপযোগী কোচ তিনি। তাকে ধন্যবাদ যে, তিনি এখানকার সময়টা উপভোগ করছেন।”



