অস্ট্রেলিয়াকে চমকে দিতে চান নিগার

অস্ট্রেলিয়ার মাটিতে আজ প্রথমবার ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ নারী দল। সিরিজ শুরুর আগে নিগার সুলতানা জ্যোতিদের নতুন কোচ ডেভিড হেম্প বলেছেন, আক্ষেপ নিয়ে দেশে ফিরতে চান না তারা।
নারী ক্রিকেটে যেকোনো সংস্করণে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এটিই প্রথম অস্ট্রেলিয়া সফর নিগারদের। এর আগে অস্ট্রেলিয়ার মাঠে শুধু ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে তাদের।
এশিয়ান গেমসের ব্যর্থতার পর দেশে ফিরে অস্ট্রেলিয়া সফরের জন্য অল্প কিছুদিন অনুশীলন করার সুযোগ পান বাংলাদেশের মেয়েরা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সপ্তাহখানেক আগেই অস্ট্রেলিয়ায় চলে যান তারা।
অনুশীলনের ফাঁকে মঙ্গলবার কুইন্সল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে নিগারের দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বোলাররা তেমন সুবিধা করতে পারেননি। তবে শারমিন আক্তার ৬৭ বলে ৬৮ ও সোবহানা মোস্তারি ৫৪ বলে ৪৯ রানের ইনিংস খেলে কিছুটা স্বস্তি দিয়েছেন।
বিসিবির প্রকাশিত এক ভিডিওতে হেম্প শুরুতেই জানিয়ে দিলেন, সিরিজ শেষে আক্ষেপ নিয়ে দেশে ফিরতে চান না তিনি, ‘আমরা চাই না যে, এক সপ্তাহ পর বাংলাদেশে ফিরে গিয়ে আমাদের আফসোস করতে হয়, ইশ! আমরা যদি এভাবে খেলতাম বা ওভাবে খেলতাম।’
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি চান অস্ট্রেলিয়াকে চমকে দিতে। ম্যাচের আগে তিনি বলেছেন,‘আমরা সত্যিই চাই, পুরো দল হিসেবে খেলতে। কারণ আমরা বিশ্বাস করি, যখন আমরা দল হিসেবে এবং একটি ইউনিট হয়ে খেলি, তখন যেকোনো দলকেই চমকে দিতে পারি।’
দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় কোচিং করার অভিজ্ঞতা রয়েছে হেম্পের। তিনি দলের খেলোয়াড়দের উইকেটের ধরন নিয়ে ধারণা দিচ্ছেন বলে জানালেন নিগার, ‘তিনি আমাদের বোঝানোর চেষ্টা করেছেন, উইকেট কেমন হতে পারে। অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা কীভাবে আমাদের বিপক্ষে আক্রমণ করতে পারে। আমরা নেট সেশনে সেগুলো অনুশীলন করার চেষ্টা করছি।’
আজ সকাল সাড়ে ৯টায় শুরু তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ওয়ানডে ১১ অক্টোবর আর তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে ১৪ অক্টোবর। তিনটি ম্যাচের ভেন্যুই ব্রিসবেন।



