জয়ের সুবাস পেয়েও ড্র কিংসের

সংগৃহীত ছবি
জয় ছিল হাতের মুঠোয়। রেফারির শেষ বাঁশির অপেক্ষা শুধু। তার আগেই আরেকটি বাঁশি, গোলের! আরামবাগের পক্ষে গোলের বাঁশি বাজাতে হলো রেফারিকে। ওই গোলে বসুন্ধরা কিংসের হাতে থাকা জয় ভেস্তে গেল। ১-১ গোলের ড্র নিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা লিগ শুরুর ম্যাচেই পয়েন্ট হারাল।
বসুন্ধরা কিংসে একসময় নামি ফুটবলারদের ভিড় থাকত। বড় ফুটবল দেশগুলো থেকেও আনা হয়েছিল খেলোয়াড়। বিশ্বকাপে খেলা ফুটবলারও খেলেছেন বসুন্ধরার জার্সিতে। কিন্তু এ মৌসুমে নেপালি ফুটবলারদের নিয়েই শুরু করেছে তারা। তিন নেপালি ফুটবলার ছাড়া দলের বাকিরা ছিলেন বাংলাদেশি।
গোপালগঞ্জ স্টেডিয়ামে বসুন্ধরার সঙ্গে গত সাতবারের আক্ষেপ মেটাল আরামবাগ। প্রতিবারই মুখোমুখি দেখায় হেরেছিল তারা। অষ্টমবারে হার এড়াতে সক্ষম হলো। ম্যাচের শুরুতে ১৩ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল আরামবাগের। তবে পাল্টা আক্রমণে গোল পেতে দেরি হয়নি বসুন্ধরার।
আরামবাগের মনিষ দাঙ্গিকে পেছন থেকে ফাউল করলে পেনাল্টি পায় বসুন্ধরা। স্পটকিক থেকে নিখুঁত ফিনিশিংয়ে দলকে লিড এনে দেন অঞ্জন বিস্তা। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে জয়ের প্রহর গুনছিল কিংস। অথচ যোগ করা সময়ের আট মিনিটের একেবারে শেষ মুহূর্তের দুর্দান্ত এক হেডে কিংসের গোলরক্ষক পাপ্পুকে পরাস্ত করেন সামিন ইয়াসার।



