জুনিয়র নারী এশিয়া কাপ হকি
কাজাখস্তানকে উড়িয়ে বাংলাদেশের তিনে তিন

সংগৃহীত ছবি
জুনিয়র নারী হকির প্রথম দুই ম্যাচে বড় জয় পেয়েছিল বাংলাদেশ। পুল পর্বের তৃতীয় ম্যাচেও সেই ফর্ম ধরে রেখেছে বাংলাদেশের মেয়েরা। কাজাখস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে টানা তিন ম্যাচে জয় তুলে নিল বাংলাদেশ।
চীনের হুলুনবাইর সিটির মোকি ট্রেনিং গ্রাউন্ডে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। পুরো ম্যাচেই ছিল লাল সবুজদের দাপট।
কাজাখস্তানের বিপক্ষে জোড়া গোল পেয়েছেন অধিনায়ক সারিকা রিমন। বাকি দুটি গোল করেছেন লিজা আক্তার ও মোসাম্মত লিমা।
এর আগে প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ ও পাকিস্তানকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন তারা।
আগামীকাল নিজেদের চতুর্থ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।
দশ দলের এই টুর্নামেন্টে চ্যালেঞ্জার পুলে বাংলাদেশের সঙ্গে রয়েছে কাজাখস্তান, পাকিস্তান, চায়নিজ তাইপে ও হংকং। অন্যদিকে এলিট পুলে স্বাগতিক চীনের সঙ্গে রয়েছে জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া।
চ্যালেঞ্জার পুলের শীর্ষ তিন দল এবং এলিট পুলের পাঁচ দল খেলবে কোয়ার্টার ফাইনালে। আর চ্যালেঞ্জার পুলের চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা দল দুটি খেলবে নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচে।





