জুনিয়র নারী এশিয়া কাপ
৫ম হয়ে বিশ্বকাপের স্বপ্ন দেখছে বাংলাদেশ

সংগৃহীত ছবি
অনূর্ধ্ব-২০ নারীদের জুনিয়র এশিয়া কাপ হকিতে এবার দারুণ পারফর্ম করেছে বাংলাদেশ নারী দল। টুর্নামেন্টের শেষটাও জয় দিয়েই করলেন তারা। টুর্নামেন্টের পঞ্চম স্থান নির্ধারণী রোমাঞ্চকর ম্যাচে শক্তিশালী মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে লাল-সবুজের মেয়েরা। এই জয়ের মাধ্যমে আসরের পঞ্চম স্থান নিশ্চিত করল বাংলাদেশ। এতে বিশ্বকাপে খেলার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে তারা।
চীনের হুলুনবুয়ির সিটিতে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক মুডে ছিল বাংলাদেশ। তবে রক্ষণের দৃঢ়তায় ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।
ম্যাচের তৃতীয় কোয়ার্টারে ভাঙে ডেডলক। পেনাল্টি থেকে দারুণ এক গোলে বাংলাদেশকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন অধিনায়ক শারিকা সাফা রিমন। এরপর চতুর্থ কোয়ার্টারে গোল করে ব্যবধান বাড়ান কণা।
ম্যাচের শেষ দিকে মালয়েশিয়া এক গোল শোধ করলেও জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এশিয়া কাপ থেকে চারটি দল অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। যদি চতুর্থ হয়ে টুর্নামেন্ট শেষ করা ভারত বিশ্বকাপের স্বাগতিক হয়, তাহলে পঞ্চম হয়েও বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে।



