রোনালদোর বিদায়ে নেইমার-ভিনির আবেগী বার্তা

সংগৃহীত ছবি
এক ভিডিও বার্তায় খানিকটা আকস্মিকভাবেই জাতীয় দলকে বিদায় জানিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগালকে বিদায় বলার পর রোনালদো বন্দনায় মেতেছেন তার সতীর্থ, সাবেক ফুটবলার ও ফুটবল সংস্থাগুলো।
এবারের বিশ্বকাপের পর জাতীয় দলকে বিদায় বলেছিলেন ব্রাজিল তারকা নেইমার। রোনালদোর বিদায়ী বার্তায় করা এক কমেন্টে নেইমার লিখেছেন, ‘কিংবদন্তি’।
২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছাড়েন রোনালদো। এরপর সেখানে যোগ দেওয়া আরেক ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র অনেকদিন ধরেই খেলছেন সিআর সেভেনের সেই ৭ নম্বর জার্সিতে। নিজের আদর্শ রোনালদোকে নিয়ে ভিনি লিখেছেন, ‘চিরকাল এক নম্বর।‘
রোনালদোর সাবেক মাদ্রিদ সতীর্থ পেপে লিখেছেন, ‘এটা ফুটবলের চেয়েও বেশি কিছু ছিল। সবকিছুর জন্য ধন্যবাদ, ক্রিস।‘
দুই দফায় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন রোনালদো। ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারের অবসরের দিন তাকে অভিনন্দন জানাতে ভোলেনি ইউনাইটেড, ‘অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন।‘
মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্তাসে গিয়েছিলেন রোনালদো। রোনালদোকে নিয়ে তুরিনের বুড়িরা লিখেছে, ‘পর্তুগালের হয়ে চমৎকার একটি পথচলার জন্য অভিনন্দন ক্রিস্তিয়ানো।‘
রোনালদোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফিফাও। বিশ্বকাপের অফিশিয়াল অ্যাকাউন্টে পর্তুগালের জার্সিতে ক্যারিয়ারের শুরুর সময় ও বর্তমান সময়ের রোনালদোর একটি ছবি পোস্ট করেছে। সেখানে ক্যাপশনে লিখেছে, ‘ধন্যবাদ, ক্রিস্তিয়ানো।‘





