রোনালদোকে যেভাবে বিদায় দিতে চায় পর্তুগাল

সংগৃহীত ছবি
অনেকটা আকস্মিকভাবেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্তিয়ানো রোনালদো। আজ এক ভিডিও বার্তায় জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। পর্তুগিজ ফুটবল ফেডারেশন জানিয়েছে, বড় আকারের বিদায়ী সংবর্ধনার মাধ্যমেই রোনালদোর বিদায় দিতে চাইছেন তারা।
আন্তর্জাতিক ফুটবল থেকে রোনালদোর অবসরের ঘোষণার পর এক বিবৃতিতে নিজেদের অবস্থান জানিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। সেখানে রোনালদোর প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশের পাশাপাশি ফেডারেশন জানিয়েছে, যথাযথ সম্মাননা ছাড়া কোনভাবেই সিআর সেভেনের বিদায় হতে দেবেন না তারা।
পর্তুগিজ ফেডারেশন জানিয়েছে, ‘জাতীয় দলের হয়ে কিংবদন্তিতুল্য আন্তর্জাতিক ক্যারিয়ারে অধিনায়ক ২৩৪ ম্যাচ খেলেছেন, গোল করেছেন ১৪৬টি। দেশকে কাঁধে তুলে নিয়েছেন, ভেঙেছেন একের পর এক রেকর্ড। পর্তুগিজ ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে, এমন অনেক অর্জনের পথে দলকে নেতৃত্ব দিয়েছেন।’
দেশটির ফেডারেশন আর লিখেছে, ‘এই বিদায় যেন যথাযথ সম্মাননা ছাড়া না হয়, এটি আমরা কোনোভাবেই চাইছি না। রোনালদোর বিশাল ক্যারিয়ারের উপযুক্ত সম্মান জানাতে আমরা আয়োজন করতে চাই, পরিকল্পনা করতে চাই এবং সহযোগিতা করতে চাই। এমন একটি আয়োজন, যেখানে সমর্থক ও পুরো দেশ আরেকবার সেই খেলোয়াড়কে অভিবাদন জানাতে ও উদ্যাপন করতে পারবে, যিনি আমাদের এত কিছু দিয়েছেন।’
বিবৃতির শেষটা ফেডারেশন করেছে এভাবে, ‘সবকিছুর জন্য ধন্যবাদ, অধিনায়ক! এই বাড়ি সব সময় তোমারই থাকবে। চলো, এক হাজারতম গোলের দিকে এগিয়ে যাই!’



