বেকহামের স্বপ্নপূরণ
‘লিও মেসি স্ট্যান্ডের’ সামনে মেসির গোল

মায়ামির নতুন স্টেডিয়ামে গোল করেছেন মেসি। ছবি: সংগৃহীত
২০১৪ সাল থেকে মায়ামিতে ফুটবল স্টেডিয়াম তৈরির উদ্যোগ নিয়েছিলেন ক্লাবের অন্যতম কর্ণধার ডেভিড বেকহাম। ২০২২ সালে মায়ামি সিটি কাউন্সিলের অনুমতি পায় এই মাঠ।
অবশেষে ন্যু স্টেডিয়ামের আনুষ্ঠানিক পথচলা শুরু হল আজ।
ইন্টার মায়ামির নতুন স্টেডিয়াম আছে ‘লিও মেসি স্ট্যান্ড’। এর সামনেই ইন্টার মায়ামির হয়ে প্রথম গোলটি করলেন মেসি। ২৬ হাজার ৭০০ দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে অবশ্য জয় পায়নি মেসির দল।
অস্টিন এফসির বিপক্ষে এমএলএসের ম্যাচটি শেষ হয়েছে ২-২ সমতায়। এই ড্রয়ে এমএলএসে টানা পাঁচ ম্যাচে অপরাজিত রইল ইন্টার মায়ামি। গত মৌসুমে এমএলএস কাপ জেতার পর এটিই ছিল মায়ামির প্রথম হোম ম্যাচ। গত ছয় বছর ফোর্ট লডারডেলকে নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করছিল তারা।
দীর্ঘদিন পর নিজেদের স্টেডিয়াম করতে পারাটা বেকহামের কাছে স্বপ্নপূরণের মত। ম্যাচ শেষে বললেন, ‘২০ বছর আগে এমএলএসে আসার সময় অনেক কথা দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতির কথা শুনিয়েছিলাম মায়ামিতে ১৩ বছর আগেও। সেই স্বপ্ন সত্যি হলো আজ।’
৬১ শতাংশ বলের দখল রেখে পোস্টে ১৯টি শট নিলেও কেবল ৪টি লক্ষ্যে রেখেছিল মায়ামি। অস্টিন ৩টি শট লক্ষ্যে রেখেই গোল করে দুটি।
ব্রাজিলিয়ান ডিফেন্ডার গুইলহার্মে বিরো ষষ্ঠ মিনিটে এগিয়ে নিয়েছিলেন অস্টিনকে। ‘লিও মেসি স্ট্যান্ড’–এর সামনেই হেডে দশম মিনিটে সমতা ফেরান মেসি। এটি তার ক্যারিয়ারের ৯০৩তম গোল।
৫৩ মিনিটে পাল্টা–আক্রমণে জেইডেন নেলসনের গোলে আবারও লিড নেয় অস্টিন। ৭৩ মিনিটে বদলি নামার আট মিনিট পর লুইস সুয়ারেস সমতা ফেরান ম্যাচে।
৯০তম মিনিটে মেসির ট্রেডমার্ক ফ্রি-কিকটি পোস্টে লেগে ফিরে আসে। আর ফিরতি বলে সুয়ারেস জালে জড়ালেও অফসাইডের জন্য গোল হয়নি।

