বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনার ধাক্কা

বিশ্বকাপের বাকি আর মাত্র ৪ দিন। তারপরও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দুশ্চিন্তার একটা বড় অংশ হয়ে রয়েছে ফুটবলারদের ইনজুরি। বিশ্বকাপের মতো মঞ্চে ফিটনেস নিয়ে শতভাগ কঠোর থাকার হুঁশিয়ারি দিয়ে কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রয়োজনে চূড়ান্ত স্কোয়াড থেকে ফুটবলারদের বাদ দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতেও দ্বিধা করবেন না তিনি।
আর্জেন্টিনার দুশ্চিন্তা আছে অধিনায়ক লিওনেল মেসিকে নিয়েও। তবে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় মৌসুমের একদম শেষ প্রান্তে বাঁ ঊরুর মাসল ফ্যাটিগে আক্রান্ত হওয়া মেসিকে নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চায় না আর্জেন্টিনা দল। চোট তেমন গুরুতর না হলেও তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না আর্জেন্টিনা।
মেসিকে নিয়ে সতর্ক অবস্থানে আছে আর্জেন্টিনা, জানিয়েছেন স্কালোনিও, ‘লিও এখন বেশ ভালো আছে। সে দলের সঙ্গে অনুশীলনের একটা বড় অংশ শেষ করেছে, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার শারীরিক উন্নতি হচ্ছে এবং প্রীতি ম্যাচগুলোতে সে কিছু সময়ের জন্য মাঠে নেমে খেলার ঘাটতি পুষিয়ে নিতে পারে।’
শুধু মেসি নন, ইনজুরি শঙ্কায় আছেন আর্জেন্টিনার আরও বেশ কয়েকজন ফুটবলার। নাহুয়েল মলিনা, গনসালো মন্তিয়েল এবং তরুণ মিডফিল্ডার নিকো পাজও লড়ছেন সময়ের সঙ্গে। প্রথম প্রস্তুতি ম্যাচে তাদের স্কোয়াডে রাখেননি স্কালোনি। তারা সবাই মাঠে নামতে পারেন আইসল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে। যদি এর আগেও তারা সুস্থ না হন, তাহলে স্কালোনি অপেক্ষা করবেন আরও কিছুদিন।
কেউ যদি মূল টুর্নামেন্ট শুরুর আগে পুরোপুরি ফিট না হন, তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার হুমকিও দিয়ে রেখেছেন স্কালোনি, ‘যদি কোনো খেলোয়াড় বিশ্বকাপের জন্য ন্যূনতম ফিটনেসও ফিরে না পায়, তবে তাকে চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ দেওয়া হবে। দলের স্বার্থে যদি আমাদের এমন কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়, আমরা সেটাই নেব।’
এদিকে বিশ্বকাপ সামনে রেখে অনুশীলন চালিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেছেন মেসি। গ্লাভস ছাড়া অনুশীলন করেছেন কিপার এমিলিয়ানো মার্তিনেসও। চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল ও এনসো ফার্নান্দেস।
তবে অনুশীলনের সময় চোট পেয়েছেন ডিফেন্ডার লেওনার্দো বালের্দি। ডান পায়ের পেশিতে পাওয়া সেই চোট এতটাই বড়, বিশ্বকাপে আর খেলা হবে না ফ্রেঞ্চ ক্লাব মার্শেইয়ের এই ডিফেন্ডারের। স্কালোনিকে এখন ৫৫ জনের প্রাথমিক স্কোয়াড থেকে বেছে নিতে হবে অন্য কাউকে।




