টানা শিরোপার রেকর্ডের হাতছানি আর্জেন্টিনার

অপেক্ষাটা ছিল তিন যুগেরও বেশি। দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা শেষে লিওনেল মেসি জাদুতে ২০২২ সালের কাতার বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে এবার অনন্য এক কীর্তি গড়ার হাতছানি। ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসেবে শিরোপা ধরে রাখার মিশনে সফল হবে তো লিওনেল মেসির আর্জেন্টিনা?
টানা দুইবার বিশ্বকাপ জেতার প্রথম রেকর্ডটা ছিল ইউরোপের পাওয়ার হাউজ ইতালির। ১৯৩৪ সালে জেতা প্রথম শিরোপা তারা ধরে রেখেছিল ১৯৩৮ আসরেও। ১৯৩৪ সালে নিজেদের মাটিতে চেকোস্লোভাকিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে ট্রফি জিতেছিল আজ্জুরিরা। পরের বিশ্বকাপে তারা ছিল অপরাজিত। দুর্দান্ত পারফর্ম করা ইতালি সেবার ফাইনালে হাঙ্গেরিকে ৪-২ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ জেতে।
১৯৫০ সালে মারাকানা ট্র্যাজেডিতে বিশ্বকাপ হাতছাড়া হয়েছিল ব্রাজিলের। ১৯৫৮ সালে অবশেষে ভাগ্যদেবী মুখ ফিরে তাকায় ফুটবলপাগল দেশটির দিকে। ১৭ বছর বয়সী পেলে জাদুতে সুইডেনকে ৫-২ গোলে হারিয়ে নিজেদের প্রথম বিশ্বকাপের স্বাদ পায় ব্রাজিল।
১৯৬২ বিশ্বকাপের শুরুতেই ধাক্কা খায় ব্রাজিল। আগের বিশ্বকাপের নায়ক ছিটকে যান টুর্নামেন্ট থেকে। গ্রুপ পর্বে মাত্র দুটি ম্যাচ খেলেন পেলে, করেন এক গোল, ছিল একটি অ্যাাসিস্ট। টুর্নামেন্টের বাকি সময়ে পেলে না থাকলেও ভাভা, গারিঞ্চাদের নিয়ে চেকোস্লোভাকিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জেতে সেলেসাওরা।
ব্রাজিলের টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পর পেরিয়ে গেছে ৬৪ বছর। ইতালি ও ব্রাজিলের পর আর কেউই বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে পারেনি। লিওনেল স্কালোনির দলের সামনে তাই নতুন করে ইতিহাসের পাতায় নাম লেখার হাতছানি।
কাতার বিশ্বকাপের সাফল্যের পর মেসির নেতৃত্বে এবারও শক্তিশালী স্কোয়াড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে আকাশি-নীল জার্সিধারীরা। এটিই হবে মেসির শেষ বিশ্বকাপ। ৪৮ দলের বিশ্বকাপ জিতে কি ইতালি ও ব্রাজিলের রেকর্ডে ভাগ বসাতে পারবে আর্জেন্টিনা?






