পদত্যাগ নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের টাক নিয়ে ইনফান্তিনোর ঠাট্টা

বিশ্বকাপের স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির গোপন পরিকল্পনা নিয়ে সমালোচনার মধ্যে সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে নিজের টাক নিয়ে ঠাট্টা করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
ফিফা সভাপতি পদে থাকবেন কি না সে বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি ইনফান্তিনো। বরং সাংবাদিকের চুল নিয়ে রসিকতা করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ফিফা সভাপতির এমন আচরণ নিয়ে সমালোচনা আরও বেড়েছে।
স্কাই নিউজের সাংবাদিক জেমস ম্যাথিউস ইনফান্তিনোকে প্রশ্ন করেন, তিনি ফুটবলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন কি না এবং কেন পদত্যাগ করছেন না। জবাবে ইনফান্তিনো বলেন, ‘আপনার চুলের কাটটা বেশ সুন্দর। ধন্যবাদ। নাপিতের দোকানে দেখা হবে।’ মজার বিষয় হলো ইনফান্তিনো ও ওই সাংবাদিক দুজনই টাকমাথার।
এর আগে জুলাইয়ে খবর প্রকাশ হয় বিশ্বকাপের কিছু অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করছিলেন ইনফান্তিনো। নতুন একটি কোম্পানি গঠনের মাধ্যমে এই চুক্তির মূল্য ১৫ বিলিয়ন পাউন্ড ছাড়িয়ে যেতে পারত। দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০৩১ সালে ফিফা সভাপতির মেয়াদ শেষ হওয়ার পর ওই কোম্পানির কমিশনার হওয়ার সম্ভাবনা ছিল ইনফান্তিনোর। বছরে ৫০ মিলিয়ন ডলারের বেশি পারিশ্রমিক পাওয়ার সম্ভাবনাও ছিল।
তবে তীব্র সমালোচনা ও ফিফার ভেতরের বিরোধিতার মুখে শেষ পর্যন্ত পরিকল্পনাটি বাতিল করেন ইনফান্তিনো। জানা গেছে, সম্ভাব্য বিনিয়োগকারীদের মধ্যে ছিলেন জ্যারেড কুশনারের ভাই জোশুয়া কুশনারও। পুরো প্রক্রিয়ায় জেপি মরগানও যুক্ত ছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।






