ফ্লিকের বার্তা
বড় দলকে হারিয়ে নিজেদের প্রমাণ করবে বার্সা

সংগৃহীত ছবি
মৌসুমের শুরু থেকে তারা যেন অপ্রতিরোধ্য। লা লিগায় ৯, চ্যাম্পিয়নস লাইফ ২; টানা ১১ ম্যাচ জিতে বার্সেলোনা ছিল সপ্তম স্বর্গে। উড়তে থাকা কাতালানদের মাটিতে নামিয়ে আনে পিএসজি ও রিয়াল মাদ্রিদ। পরপর দুটি বড় ম্যাচ হেরে বেশ চাপে হান্সি ফ্লিকের দল। অ্যাস্টন ভিলার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে ফ্লিক বলছেন, বড় দলের বিপক্ষে জিতেই নিজেদের প্রমাণ করতে হবে তাদের।
বড় দলের বিপক্ষে এলোমেলো হয়ে পড়ে বার্সা, এ অভিযোগ যেন অনেক পুরনো। প্রায় এক যুগ হলো চ্যাম্পিয়নস লিগের মঞ্চ থেকে খালি হাতে ফিরছেন তারা। এবারও মৌসুমের প্রথম দুই বড় ম্যাচে হেরে ধাক্কা খেলেছে ইয়ামাল-রাফিনিয়ারা।
ভিলার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ফ্লিক বলছেন, মাঠেই নিজেদের সক্ষমতার প্রমাণটা দিতে হবে তাদের, ‘বড় দলের বিপক্ষে দুটি হারে দল নিয়ে মানুষের সংশয়ে আমি বিস্মিত কিনা? না, মোটেই না। এমনটাই ঘটছে। আর আমাদেরই নিজেদের প্রমাণ করতে হবে। আমরা নিজেদের সেরা ফুটবল খেলেছি এবং এখানে কোনো অজুহাত নেই।‘
পেছনের দিকে না তাকিয়ে সামনের ম্যাচগুলো নিয়েই ভাবতে চান ফ্লিক, ‘আমি পেছনে ফিরে তাকাতে পছন্দ করি না। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরের ম্যাচ- প্রথমে ভিলা পরে আতলেতিকো মাদ্রিদ। নিজেদের লক্ষ্য অর্জনের লক্ষ্য আমাদের আছে। কিছুই বদলায়নি, আমারা প্রতিদিনই কঠোর পরিশ্রম করি। এটা স্বাভাবিক, ফুটবল এমনই। যদি আমিও আপনাদের সঙ্গে থাকতাম তো, আমিও হার নিয়ে, দুর্বলতা নিয়ে কথা বলতাম। এটাই স্বাভাবিক।‘
নিজেদের সামর্থ্য প্রমাণ করতে বড় কোনো দলকে হারাতে হবে বার্সেলোনার, মানছেন ফ্লিক, ‘আমরা জানি, এই পর্যায়ে যে কোনো কিছুই হতে পারে। রিয়ালের বিপক্ষে ফলটা অন্যরকম হতে পারত। এই ম্যাচগুলো বিশেষ, তবে আমাদের এখনও আত্মবিশ্বাস আছে। আপনারা ওই হারের দিকে বেশি মনোযোগ দিচ্ছেন, যা স্বাভাবিক। তবে নিজের দলের ওপর আমার আস্থা আছে। আর আমরা সেটা শনিবার দেখিয়েছি। এখন আমাদের সব মনোযোগ চ্যাম্পিয়নস লিগে। আমরা শীর্ষ আটে থাকতে চাই, আমরা কঠোর পরিশ্রম করছি।‘



