বিশ্বকাপের আগে চোটের শঙ্কা নিয়ে মাঠ ছাড়লেন মেসি

অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছেন মেসি। ছবি: সংগৃহীত
বিশ্বকাপের বাকি আর ১৭ দিন। এর আগে রবিবার রাতে মেজর লিগ সকারে নিজের শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে তার জোড়া অ্যাসিস্টে ৬-৪ ব্যবধানে জিতেছে ইন্টার মায়ামি। এই আনন্দ ফিকে হয়ে গেছে চোটের অস্বস্তি নিয়ে মেসি মাঠ ছাড়ায়।
মায়ামির এনইউ স্টেডিয়ামে ম্যাচের ২৮ মিনিট বাকি থাকতে মাঠ ছাড়েন মেসি। ফ্রি কিক নেওয়ার পর মেসিকে বাঁ উরুর ওপরের অংশে হাত দিয়ে অস্বস্তি বোঝাচ্ছিলেন তিনি।
বদলির আবেদন করেন নিজেই আর মাঠে নামেন মাতেও সিলভেত্তি। ড্রেসিংরুমে অবশ্য কারও সহায়তা ছাড়াই গেছেন মেসি। মায়ামি কোচ গিলের্মো হয়োস মেসির চোট নিয়ে জানালেন, ‘আমাদের হাতে মেডিকেল রিপোর্ট নেই। দ্রুতই সেটা পাব। যতটুকু জানি, ও খুব ক্লান্ত ছিল, ক্লান্তিজনিত ব্যাপার এটা। মাঠও বেশ ভারী ছিল। তাই ঝুঁকি নেওয়া হয়নি।’
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে হ্যামস্ট্রিংয়ের টান অনুভব ঝুঁকি নিতে চাননি মেসি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উঠে গেছেন নিজেই।
মেসির চোটের ম্যাচে বিরতির আগেই হয়েছিল রেকর্ড ৮ গোল, এমএলএসে কোনো ম্যাচের প্রথমার্ধে এত গোল হয়নি আগে।
৩ ও ১০ মিনিটে মিলান ইওস্কির জোড়া গোলে এগিয়ে যায় ফিলাডেলফিয়া। ১৩ মিনিটে মেসির বাড়ানো বল থেকে ফাঁকা জালে বল পাঠান গেরমান বেরটেরামে। ২০ মিনিটে ব্রুনো আবারও ফিলাডেলফিয়ার হয়ে ব্যবধান করেন ৩-১।
বিরতির আগেই ৪-৩ গোলে এগিয়ে যায় মায়ামি। ২৯ ও ৪৪ মিনিটে লুইস সুয়ারেস আর ৪১ মিনিটে অপর গোলটি গেরমানের। প্রথম ৪ গোলের দুটির অ্যাসিস্ট মেসির।
বিরতির ঠিক আগে হ্যাটট্রিক করে ফিলাডেলফিয়াকে ৪-৪ সমতায় ফেরান মিলান ইওস্কি। তার তিন গোলের দুটি পেনাল্টি থেকে।
বিরতির পর বৃষ্টিতে ভারী হয়ে যায় মাঠ। মেসি মাঠ ছাড়ার পর ৮০ মিনিটে হ্যাটট্রিক করেন সুয়ারেস। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে রদ্রিগো দি পলের গোলে ৬-৪ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে মায়ামি।






