নেশনস লিগ
রোনালদোর হতাশার রাতে পর্তুগালের জয়

সংগৃহীত ছবি
অবসরের ঘোষণা না দিয়ে পর্তুগালের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। ক্রিস্তিয়ানো রোনালদোর এবারের নেশনস লিগের যাত্রা শুরু হতে পারত গোল দিয়েই। তবে গোল মিস ও ভিএআরে গোল বাতিলের কারণে গোল পাওয়া হয়নি সিআর সেভেনের। রোনালদোর হতাশার রাতে অবশ্য হোয়াও ফেলিক্সের একমাত্র গোলে ওয়েলসকে ১-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
লিসবনে ‘এ’ লিগের চার নম্বর গ্রুপের ম্যাচে ৬০ শতাংশের বেশি পজেশন রেখে গোলের জন্য ২৩ শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পারে পর্তুগাল। ওয়েলসের পাঁচ শটের একটিই লক্ষ্যে ছিল।
ম্যাচের প্রথম বড় সুযোগটি পান রোনালদো। ফেলিক্সের থ্রু পাস ডি-বক্সে পেয়ে কোনাকুনি শট নেন তিনি, কিন্তু তা লক্ষ্যে ছিল না। কিছুক্ষণ পর আবার সুযোগ আসে পর্তুগাল অধিনায়কের সামনে, এবার তার শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে বাইরে যায়।
২২তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় পর্তুগাল। ডি-বক্সের অনেকটা বাইরে থেকে নিচু শট নেন আল নাসর ফরোয়ার্ড ফেলিক্স, বল প্রতিপক্ষের একজনের পা ছুঁয়ে জালে জড়ায়। জাতীয় দলের হয়ে ফেলিক্সের গোল হলো ৫৮ ম্যাচে ১৩টি।
৪০তম মিনিটে ফেলিক্সের আরেকটি পাস ডি-বক্সে দারুণ জায়গায় বল পান রোনালদো। কিন্তু যথেষ্ট জোরে শট নিতে পারেননি তিনি। মিস হয় সেই সুযোগও।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে অবিশ্বাস্য একটি মিস করেন রোনালদো। ডান দিক থেকে রুবেন নেভ্স ছয় গজ বক্সের মুখে অধিনায়কের উদ্দেশ্যে দারুণ এক ক্রস বাড়ান, গোলরক্ষক বেশ খানিকটা সরে থাকায় রোনালদোর সামনে তখন ফাঁকা জাল। পা একটু ওপরে তুলে টোকা দেওয়ার চেষ্টায় বল ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন তিনি। রোনালদো এমন সুযোগ নষ্ট করে যেন বিশ্বাসই করতে পারছিলেন না!
কিছুক্ষণ পর ব্রুনো ফের্নান্দসের থ্রু পাস ডি-বক্সে পেয়ে দারুণ শটে বল জালে পাঠান রোনালদো। গোলের উল্লাসেও মেতে উঠেছিলেন, তবে তিনি অফসাইড থাকায় ভিএআরে গোল বাতিল হয়।
৬৬তম মিনিটে রোনালদোর আরেকটি দুর্বল শট অনায়াসে আটকান গোলরক্ষক। এরপরই ৪১ বছর বয়সি এই তারকাকে তুলে নেন কোচ।
পর্তুগিজদের একচেটিয়া আক্রমণের মাঝে প্রথম ৭৩ মিনিটে গোলের জন্য একটিমাত্র শট নিতে পারে ওয়েলস, সেটাও ছিল লক্ষ্যভ্রষ্ট। তারা ৭৪তম মিনিটে গোল পেতে পারতো; তবে ব্রেনান জনসনের শট ক্রসবারে লাগলে বেঁচে যায় স্বাগতিকরা।
বাকি সময়ে আরও চারটি শট নেয় ওয়েলস; কিন্তু একবারও প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারেনি তারা।



