সাফের সেমিফাইনাল ও ফাইনালে থাকছে ভিএআর

সংগৃহীত ছবি
ফুটবলে রেফারির ভুল সিদ্ধান্তের প্রভাব কমাতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। এবার সেই প্রযুক্তির আওতায় আসছে দক্ষিণ এশিয়ার ফুটবলও। চলমান সাফ টুর্নামেন্টের সেমিফাইনালের দুই ম্যাচ ও ফাইনালে প্রথমবারের মতো ব্যবহার করা হবে ভিএআর। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)।
আসিয়ান ফুটবল ফেডারেশনের (এএফএফ) সহযোগিতায় এই প্রযুক্তি চালু করছে সাফ। পুরো কার্যক্রম পরিচালনার দায়িত্বে রয়েছে স্পেনের ফিফা-স্বীকৃত প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ালিটি। তবে ঢাকায় বসে নয়, তাদের মূল নিয়ন্ত্রণকেন্দ্র থাকবে থাইল্যান্ডে। অর্থাৎ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের সরাসরি ভিডিও ফুটেজ ইন্টারনেটের মাধ্যমে পাঠানো হবে থাইল্যান্ডে। সেখানে থাকা প্রশিক্ষিত ভিডিও ম্যাচ কর্মকর্তারা ফুটেজ বিশ্লেষণ করে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) নিয়ম অনুযায়ী মাঠের রেফারিকে প্রয়োজনীয় সিদ্ধান্ত জানাবেন। এই পদ্ধতিকে বলা হয় রিমোট ভিএআর।
প্রযুক্তির ব্যবহারের জন্য ঢাকার জাতীয় স্টেডিয়ামেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। সেখানে স্থাপন করা হয়েছে রেফারি রিভিউ এরিয়া (আরআরএ) ও টেকনিক্যাল অপারেশনস টিম এরিয়া মনিটর (টিওটিএএম)। ভিএআর কার্যক্রম ঠিকভাবে পরিচালনার জন্য কোয়ালিটির বিশেষজ্ঞরা মাঠেও উপস্থিত থেকে কাজ করছেন।
থাইল্যান্ড থেকে ভিডিও পরিচালনার ক্ষেত্রে ইন্টারনেট সংযোগ ও দূরত্ব নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও তা নিয়ে উদ্বিগ্ন নয় সাফ। সংস্থাটির সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল জানিয়েছেন, ‘আসিয়ান কাপের ভিএআর থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফেও সেই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। ইন্টারনেটসহ অন্যান্য বিষয় নিয়ে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। আশা করছি পুরো কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হবে।’
দক্ষিণ এশিয়ার ফুটবলে ভিএআর চালুর ঘটনাকে বড় অর্জন হিসেবে দেখছেন কাট্টেল। তার মতে, এই প্রযুক্তি প্রতিযোগিতার পেশাদারত্ব ও মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য এএফসি ও এএফএফের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।



