এমবাপ্পে
ফ্রান্স থেকে মাদ্রিদে অনেক শান্তিতে আছি

স্প্যানিশ জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নেওয়ার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে কিলিয়ান এমবাপ্পে জানিয়েছেন, রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে তিনি আগের চেয়ে অনেক বেশি মানসিক শান্তি খুঁজে পেয়েছেন। সম্প্রতি দৈনিক ‘দিয়ারিও আস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফরাসি এই ফরোয়ার্ড তার নতুন জীবন ও অনুভূতির কথা প্রকাশ করেন।
মাদ্রিদে আসার পর প্রত্যাশা পূরণ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে এমবাপ্পে বলেন, ‘আমি এখানে অনেক বেশি শান্তি খুঁজে পেয়েছি। ফ্রান্সে আমার জীবনে শান্তির পরিমাণ কম ছিল।’ নতুন সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া এবং দ্রুত স্প্যানিশ জীবনধারার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন ফরোয়ার্ড। তবে মাদ্রিদে আসার পরের দিনগুলোতে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল বলে জানান তিনি। এমবাপ্পে জানান, শুরুর দিকে নিজের কোনো স্থায়ী বাসস্থান না থাকায় পরিবারকে ভীষণ মিস করতেন এবং সেই সময়টা একটু কঠিন ছিল।
নিজের বাসস্থানের ব্যবস্থা হওয়ার পর থেকে মাদ্রিদের জীবন উপভোগ করার কথা জানিয়ে তিনি বলেন, ‘যত দ্রুত আমার নিজের একটা জায়গা হলো, তারপর থেকে আমি সবসময় মাদ্রিদে এবং স্পেনে বেশ আনন্দেই আছি।’




