এমএলএস কমিশনারের ওপর কেন রেগে গেলেন মেসি

মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলকে হারিয়ে ইন্টার মায়ামির চ্যাম্পিয়ন্স কাপ জয়ের আনন্দময় মুহূর্তের মাঝেই এক কৌতূহলোদ্দীপক ঘটনার জন্ম দিয়েছেন লিওনেল মেসি। ম্যাচের পর ক্লাব ও লিগ কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধের জেরে এমএলএস কমিশনার ডন গারবারের সঙ্গে বেশ কয়েকবার উত্তপ্ত বাক্যবিনিময় ও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে আর্জেন্টাইন মহাতারকাকে।
গতকাল ফ্লোরিডায় ক্রুজ আজুলকে ২-০ গোলে হারানোর পর ট্রফি নিয়ে অফিসিয়াল ছবি তোলার সময় প্রথমবার গারবারের মুখোমুখি হন মেসি। এমএলএস কমিশনার তার কাছে এসে কিছু একটা বলতে গেলে মেসি অত্যন্ত দৃঢ়ভাবে সেটিতে ‘না’ বলে দেন। এরপর সতীর্থদের সঙ্গে ট্রফি উঁচিয়ে ধরার পর পোডিয়াম থেকে নেমে এসে আবারও ডন গারবারের মুখোমুখি হন মেসি। স্পষ্ট বোঝা না গেলেও তার শরীরের ভাষা ও অভিব্যক্তি ছিল বেশ ক্ষুব্ধ। ধারণা করা হচ্ছে, তার মুখে এই কথাটি ছিল, ‘আমার সঙ্গে নয়।’ এই ঘটনার পেছনে গত বছরের একটি বড় ঘটনার পটভূমি রয়েছে বলে মনে করা হচ্ছে। গত বছর অতিরিক্ত ম্যাচ ক্লান্তি ও শারীরিক ফিটনেস ঠিক রাখতে এমএলএস অল-স্টার গেম বয়কট করেছিলেন মেসি। মাত্র ৩০ দিনে নয়টি ম্যাচ খেলায় তিনি নিজের শরীরকে বিশ্রাম দিতে চেয়েছিলেন। কিন্তু নিয়ম ভেঙে টুর্নামেন্টে অংশ না নেওয়ায় এমএলএস কর্তৃপক্ষ তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল।
সে সময় লিগের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, লিগের পূর্বানুমোদন ছাড়া অল-স্টার গেমে অংশ না নিলে সংশ্লিষ্ট খেলোয়াড় তার ক্লাবের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না। ওই নিষেধাজ্ঞা নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল। স্বয়ং ডন গারবার তখন মন্তব্য করেছিলেন, ‘এখানে দীর্ঘদিনের একটি নীতিমালা রয়েছে এবং তা প্রয়োগ করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। এটি একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল।’




