রোনালদোকে মাঠে দেখতে চান না স্পেন কোচ

সংগৃহীত ছবি
বিশ্বকাপের শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে স্পেন। ম্যাচের আগে ক্রিস্তিয়ানো রোনালদোকে মাঠে দেখতে না চাওয়ার কথা স্বীকার করেছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। ৪১ বছর বয়সী এই মহাতারকা এখনো ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন বলে মনে করছেন লা রোহা কোচ।
পর্তুগাল অধিনায়ক রোনালদোর প্রতি নিজের গভীর শ্রদ্ধার কথা জানিয়েছেন দে লা ফুয়েন্তে, একইসঙ্গে আশা প্রকাশ করেছেন যেন এই নকআউট লড়াইয়ে কিংবদন্তি এই ফরোয়ার্ড মাঠে না থাকেন। আর্লিংটনের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আল-নাসর তারকার এখনো শীর্ষ পর্যায়ে বিপজ্জনক হয়ে ওঠার সামর্থ্যের কথা তুলে ধরেন স্পেন কোচ, ‘ক্রিস্তিয়ানোর মতো ব্যক্তিত্ব ও উচ্চাকাঙ্ক্ষাসম্পন্ন মানুষদের আমি শ্রদ্ধা করি। সবার জন্যই তিনি এক দৃষ্টান্ত। তার যে প্রতিভা আর মান, তাতে যেকোনো মুহূর্তে সে ম্যাচের ফলাফল ঠিক করে দিতে পারে। আমি চাইব ও না খেলুক, তবে আমার বিশ্বাস ও খেলবে এবং আমরা ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়দের একজনকে উপভোগ করব। আমরা চেষ্টা করব তার এবং তাদের দলের চেয়ে ভালো করতে‘
বয়স সত্ত্বেও রোনালদো এখনো পর্তুগালের আক্রমণভাগের মূল কেন্দ্রবিন্দু, আর সমর্থক ও বিশ্লেষকদের মধ্যে ক্রমাগত বিতর্কের উৎস। কারো কারো প্রশ্ন, রোনালদোর উপস্থিতি রবার্তো মার্টিনেজের দলের গতি কমিয়ে দিচ্ছে কি না। তবে স্প্যানিশ শিবিরের সদস্যরা এই তত্ত্বে বিশ্বাসী নন। বার্সেলোনার তরুণ তারকা গাভিও মনে করেন, বাইরের এই আলোচনা যাই হোক না কেন পর্তুগিজ এই অভিজ্ঞ তারকা এখনো হুমকি হয়েই থাকবেন।
দে লা ফুয়েন্তেও একই সুরে বলেন, কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে চাইলে এক মুহূর্তের জন্যও গা ছাড়া হওয়া যাবে না তার দলের, ‘ক্রিস্তিয়ানোর মতো প্রতিভাবান ফুটবলারদের কোনো ছাড় দেওয়া যায় না। তবে আমাদের ডিফেন্ডারদের ওপর আমার আস্থা আছে। দেখা যাক এই লড়াইয়ে কার শক্তি বেশি। আমার বিশ্বাস, আমরা এই পরিস্থিতিগুলো নিয়ন্ত্রণে রাখতে পারব।‘




