বিশ্বকাপ
স্কালোনির হাতে চার বিকল্প

সংগৃহীত ছবি
বিশ্বকাপের আগে একের পর এক ইনজুরি হানা দিচ্ছে আর্জেন্টিনা শিবিরে। লিওনেল স্কালোনির ২৬ সদস্যের স্কোয়াডে ৯ জনই ইনজুরিতে। তবে বেশিরভাগ খেলোয়াড়ই বিশ্বকাপের আগে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী আর্জেন্টিনার কোচিং স্টাফ। তারপরও বিশ্বকাপের আগে যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতি সামাল দিতে চার ফুটবলারকে জরুরি প্রস্তুত রেখেছেন আর্জেন্টিনার কোচ।
যে চারজনকে বিকল্প রাখা হয়েছে তারা হলেন এমিলিয়ানো বুয়েন্দিয়া, সান্তিয়াগো বেলত্রান, নিকোলাস কাপালদো এবং মাক্সিমো পেরোনে। বিশ্বকাপ শুরুর আগের দিন পর্যন্ত কোনো ফুটবলার চোট সেরে না ফিরলে এই চারজনের মধ্য থেকেই বেছে নেওয়া হবে।
রিভার প্লেটের গোলকিপার বেলত্রান এবং হামবুর্গের মিডফিল্ডার কাপালদো বর্তমানে কানসাসে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করছেন। হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে আরও পাঁচজন খেলোয়াড়ের সঙ্গে তারা ক্যাম্পে রয়েছেন। কাপালদো প্রথম প্রস্তুতি ম্যাচে শুরু থেকে খেলবেন বলে ধারণা করা হচ্ছে, তবে তার অন্তর্ভুক্তি নির্ভর করছে গনসালো মন্তিয়েল ও নাহুয়েল মোলিনার সুস্থতার ওপর।
তবে বুয়েন্দিয়া ও পেরোনের অবস্থা ভিন্ন। ২৬ জনের চূড়ান্ত দলে জায়গা না পেলেও প্রাথমিক ৫৫ জনের তালিকায় থাকায় তারা জরুরি বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছেন। নিকো পাজ সুস্থ না হলে বুয়েন্দিয়ার ভাগ্য খুলে যেতে পারে।
যদি পেশির টানে ভুগতে থাকা লেয়ান্দ্রো পারেদেস বা অন্য কোনো সেন্ট্রাল মিডফিল্ডার পুরোপুরি ফিট না হলে ডাক পড়তে পারে কোমোর মিডফিল্ডার পেরোনেকে।




