বিতর্কিত উদযাপনে লাল কার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

সংগৃহীত ছবি
গোল করে মেতেছিলেন উদযাপনে। কিন্তু সেই উদযাপনটাই যে তার জন্য কাল হয়ে দাঁড়াবে, সেটা হয়তো ভাবতেই পারেননি ইসরায়েলি ফুটবলার সাইদ আবু ফারখি। নেশনস লিগের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে গোলের পর কর্নার ফ্ল্যাগ তুলে বন্দুকের মতো ভঙ্গিতে উদযাপন করায় লাল কার্ড দেখেছেন ফারখি।
লিনৎসের রাইফাইসেন অ্যারেনায় ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে অস্ট্রিয়াকে এগিয়ে দেন রোমানো শ্মিড। বিরতির পর ম্যাচের ৫৫ মিনিটে দারুণ হেডে ইসরায়েলকে সমতায় ফেরান ২০ বছর বয়সী ফারখি।
গোলের পর দৌড়ে কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে সেটি তুলে নেন ফারখি। এরপর ফ্ল্যাগের নিচের অংশ বন্দুকের মতো করে ধরে গুলি ছোড়ার ভঙ্গিতে উদযাপন করেন।
এই ঘটনার মাত্র চার মিনিট আগে হলুদ কার্ড দেখেছিলেন এই ফরোয়ার্ড। এমন বিতর্কিত উদযাপনের কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তাকে মাঠ থেকে বের করে দেন বুলগেরিয়ান রেফারি জর্জি কাবাকভ।
১০ জনের ইসরায়েল শেষ পর্যন্ত পেরে ওঠেনি। ৯০ মিনিটে ফিলিপ মভেনে এবং যোগ করা সময়ে সাসা কালাইদজিচের গোলে ৩-১ ব্যবধানে জয় পায় অস্ট্রিয়া।



