চ্যাম্পিয়নস লিগ
আজই চাকরি হারাচ্ছেন ক্যারিক?

সংগৃহীত ছবি
তার ভাগ্য দুলছে পেন্ডুলামের মতো। যেকোনো মুহূর্তে চাকরি হারাতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক, গুঞ্জনটা উঠেছে জোরেশোরেই। আজ চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইতালিয়ান ক্লাব রোমার মুখোমুখি ইউনাইটেড। এই ম্যাচের আগে শোনা যাচ্ছে, রোমার বিপক্ষে পা হড়কালেই বরখাস্ত হবেন ক্যারিক।
প্রিমিয়ার লিগ কিংবা চ্যাম্পিয়নস লিগ; দুই টুর্নামেন্টেই ইউনাইটেডের যেন বেহাল দশা। এই মুহূর্তে লিগে তারা আছে ১৭তম অবস্থানে। চ্যাম্পিয়নস লিগে সেটা ২০। সব টুর্নামেন্ট মিলিয়ে টানা ৯ ম্যাচে জয়হীন তারা। ১৯৮৪ সালের পর এত খারাপ সময় কখনোই আসেনি ইংল্যান্ডের এই ঐতিহ্যবাহী ক্লাবটির।
ইংলিশ মিডিয়া বলছে, ওল্ড ট্রাফোর্ডে রোমার বিপক্ষে ম্যাচটাই হতে পারে ক্যারিকের শেষ ম্যাচ। ঘরের মাঠে ভালো কিছু না করতে পারলে ডাগআউটে আর দেখা যাবে না সাবেক এই ইউনাইটেড তারকাকে।
ক্যারিক অবশ্য নিজের চাকরি নিয়ে একেবারেই মাথা ঘামাচ্ছেন না। রোমার বিপক্ষে মাঠে নামার আগে ইউনাইটেড কোচ জানালেন, ‘চাকরির ভবিষ্যৎ নিয়ে একেবারেই ভাবছি না। ভবিষ্যতে কী হবে কেউ জানে না। এসব আলোচনায় আমাদের প্রস্তুতিতে কোন ঘাটতি পড়বে না। রোমার বিপক্ষে মাঠে নামার জন্য দল মুখিয়ে আছে।‘
ভয়াবহ এই সংকটের মধ্যেও ইউনাইটেডের ড্রেসিংরুম 'ভালো অবস্থানে' রয়েছে বলে জোর দিয়ে জানান ইউনাইটেড কোচ, ‘অনেকে অনেক কিছুই ভাবতে পারে। আমি আগেও বলেছি। ক্লাবের প্রতি, আমার প্রতি, একে অপরের প্রতি খেলোয়াড়দের প্রতিশ্রুতি নিয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। আমাদের আরও ভালো খেলতে হবে, আমরা আরও ভালো সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু প্রতিশ্রুতি নিয়ে কোনো প্রশ্নই ওঠে না।'



