জন্ম স্পেনে জার্সি অন্যের

সংগৃহীত ছবি
ফুটবলের বিশ্বায়নের যুগে এক দেশের নাগরিককে হরহামেশাই অন্য দেশের জার্সিতে খেলতে দেখা যায়। ফুটবলারদের বৈশ্বিক নাগরিকত্ব, পারিবারিক ঐতিহ্য এবং আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার সুযোগে এই দৃশ্য এখন নিয়মিত। এবারের ফিফা বিশ্বকাপে অন্যতম ফেভারিট স্পেনও এর ব্যতিক্রম নয়। আবার এই স্পেনে জন্ম নেওয়া অন্তত ১০ ফুটবলার বিভিন্ন দেশের হয়ে বিশ্বকাপ মাতাবেন।
৪৮ দলের বিশ্বকাপে এক মরক্কোতেই আছে পাঁচজন স্প্যানিশ বংশোদ্ভূত ফুটবলার। দলটির সেরা তারকা আশরাফ হাকিমির জন্ম স্পেনের মাদ্রিদে। এই রাইট-ব্যাক রিয়াল মাদ্রিদের একাডেমিতে বড় হয়েছেন। ২০২২ বিশ্বকাপে নিজের জন্মভূমি স্পেনের বিপক্ষেই টাইব্রেকারে জয়সূচক পেনাল্টি গোল করে মরক্কোর জাতীয় নায়কে পরিণত হন তিনি। এ ছাড়া মালাগায় জন্মগ্রহণ করা ব্রাহিম দিয়াস পারিবারিক শিকড়ের টানে মরক্কোকেই বেছে নেন। মরক্কোর তারকা ডিফেন্ডার ওমর আল হিলালির জন্ম বার্সেলোনায় আর সেন্টার-ব্যাক শাদি রিয়াদ মায়োর্কায় জন্মগ্রহণ করেন।
আফ্রিকার আরেক দেশ ঘানার আক্রমণভাগের নেতা ইনিয়াকি উইলিয়ামসের জন্ম বিলবাওয়ে। এই ফরোয়ার্ড স্পেনের বয়সভিত্তিক দলে খেললেও মা-বাবার আফ্রিকান শিকড়ের টানে ঘানা জাতীয় দলে যোগ দেন। লাতিন আমেরিকার দলগুলোতেও আছে স্পেনের তিন প্রতিনিধি। তেনেরিফেতে জন্ম নেওয়া মিডফিল্ডার নিকো পাজ আর্জেন্টিনা দলের হয়ে বিশ্বকাপে খেলবেন। তিনি সাবেক আর্জেন্টাইন ফুটবলার পাবলো পাজের ছেলে।




