লা লিগা
১০ মিনিটে তিন গোল করে বার্সার অবিশ্বাস্য জয়

সংগৃহীত ছবি
ম্যাচের শুরুটা দেখে মনে হচ্ছিল বার্সেলোনার জন্য দিনটি হতে যাচ্ছে হতাশার। মাত্র সাত মিনিটের মধ্যে দুই গোল হজম করে পিছিয়ে পড়ে হানসি ফ্লিকের দল। তবে চলতি মৌসুমে লা লিগায় দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনা হাল ছাড়েনি। বিরতির পর দুর্দান্ত প্রত্যাবর্তনে শেষ পর্যন্ত ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে কাতালানরা।
স্পটিফাই ক্যাম্প ন্যুতে ম্যাচের পঞ্চম মিনিটেই গোলের দেখা পায় ভিয়ারিয়াল। দূরপাল্লার শটে গোল করেন তাহন বুচানান। দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে আলবার্তো মোলেইরোর পাস পেয়ে বাম পায়ের শটে গোল করেন তানি ওলুওয়াসেয়ি। শুরুতেই দুই গোল হজম করে চাপে পড়ে বার্সেলোনা।
ম্যাচে ফেরার সুযোগ অবশ্য পেয়েছিল স্বাগতিকেরা। ১৮ মিনিটে লামিন ইয়ামালকে ফাউল করা হলে প্রথমে পেনাল্টি দেননি রেফারি। পরে ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত আসে। তবে স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন ইয়ামাল। এরপর একের পর এক আক্রমণ করেও ভিয়ারিয়ালের জমাট রক্ষণ ভাঙতে পারেনি বার্সেলোনা। দুই গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় তাদের।
তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে একের পর এক গোল আদায় করে নেয় বার্সেলোনা। ৫৬ মিনিটে পেদ্রির ক্রস থেকে হেডে ব্যবধান কমান জেরার্ড মার্টিন। চার মিনিট পরই সমতায় ফেরে স্বাগতিকেরা। লামিন ইয়ামালের পাস থেকে লক্ষ্যভেদ করেন ফেরমিন লোপেস।
এরপর আরও ছয় মিনিটের ব্যবধানে ম্যাচে প্রথমবারের মতো লিড নেয় বার্সেলোনা। ৬৬ মিনিটে এরিক গার্সিয়ার নেওয়া শট ভিয়ারিয়ালের ডিফেন্ডার পাউ নাভারোর গায়ে লেগে জালে জড়ায়। ফলে মাত্র ১০ মিনিটের ব্যবধানে দুই গোলের ঘাটতি কাটিয়ে তিন গোল করে এগিয়ে যায় ফ্লিকের দল।
এরপর ম্যাচে ফেরার চেষ্টা করলেও বার্সেলিয়ার নিয়ন্ত্রিত ফুটবলের সামনে সুবিধা করতে পারেনি ভিয়ারিয়াল। উল্টো যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় গোলের সময় দুর্ভাগ্যের শিকার হওয়া পাউ নাভারোকে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।
এই জয়ে লা লিগায় শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা। ১৩ ম্যাচে ১২ জয়ে তাদের পয়েন্ট সংখ্যা ৩৬। অন্যদিকে ১৫ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে ভিয়ারিয়াল।



