ম্যাচের ৫ ঘণ্টা ৩০ মিনিট আগে আর্জেন্টিনায় পৌঁছাবে বুরকিনা ফাসো

সংগৃহীত ছবি
ভেস্তে যেতে বসেছিল ম্যাচটাই। শেষ পর্যন্ত স্বস্তি। ফ্লাইট বিড়ম্বনা কাটিয়ে আর্জেন্টিনায় রওয়ানা দিয়েছে বুরকিনা ফাসো ফুটবল দল। তবে ম্যাচের মাত্র ৫ ঘণ্টা ৩০ মিনিট আগে আর্জেন্টিনায় পৌঁছাবে তারা!
মনুমেন্টাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে স্থানীয় সময় রাত ৯টায়। আর বুরকিনা ফাসো আর্জেন্টিনায় পৌঁছাবে বিকেল ৩-৩০ মিনিটে। আর্জেন্টিনায় তাদের অবস্থানও হবে খুবই অল্প সময়ের। তাদের ফিরতি ফ্লাইট রবিবার সকাল ৭টায়। অর্থাৎ ২৪ ঘণ্টার কম সময় তারা থাকবে দেশটিতে।
বুরকিনা ফাসোর গণমাধ্যম দাবি করেছে, মূল জাতীয় দলের অনেক খেলোয়াড়ই এত অল্প সময়ের জন্য আর্জেন্টিনায় খেলতে আসছেন না। যুব দলের খেলোয়াড়দের তাই নিয়ে আসছে তারা। তবে প্রীতি ম্যাচটি এখনও ‘ক্লাস এ’ আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা ধরে রেখেছে।
'দ্য স্ট্যালিয়ন্স' (বুরকিনা ফাসো দল) মরক্কোর কাসাব্লাঙ্কা থেকে ভোরের দিকে রওনা হলেও তাদের চার্টার্ড ফ্লাইটটি আবারও বিলম্বিত হয়, যা জটিলতা বাড়ায় আরও। তাই ১১ ঘণ্টা ভ্রমণের পর ইমিগ্রেশন প্রক্রিয়া, হোটেলে যাওয়া,স্টেডিয়ামে আসা মিলিয়ে খেলোয়াড়রা বিশ্রাম নেওয়ার কোনো সুযোগই পাবেন না।
শুধু তা-ই নয়, এই আফ্রিকান দলটি তাদের পূর্ণাঙ্গ মূল দল নিয়ে আসছে না। শেষ মুহূর্তে ডাক পাওয়া অনূর্ধ্ব-২৩ দলের তরুণ খেলোয়াড়দের সঙ্গে মূল দলের কয়েকজন (ক্লারিন জানিয়েছে কেবল একজন!) মিলিয়ে একটি মিশ্র দল আসছে তাদের।
বুরকিনা ফাসোর বিমানের সর্বশেষ অবস্থান।
এসব সমস্যার কোনোটিই ম্যাচ স্থগিত করছে না বা এটি আয়োজনের চুক্তিতে কোনো পরিবর্তন আনছে না। প্রীতি ম্যাচটি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হচ্ছে এবং এটি আন্তর্জাতিক ‘ক্লাস এ’ ম্যাচের মর্যাদা ধরে রেখেছে।
বুরকিনা ফাসো ফুটবল ফেডারেশনের (এফবিএফ) মতে, ৩০ সেপ্টেম্বরের নির্ধারিত যাত্রাটি বিমান সংস্থা "কোনো পূর্ব নোটিশ ছাড়াই" বাতিল করে দেয়। এরপর বুরকিনা ফাসো ফুটবল ফেডারেশন অন্য একটি ফ্লাইটের ব্যবস্থা করার চেষ্টা শুরু করে। কিন্তু হাতের কাছে থাকা বিকল্পগুলোর অর্থ ছিল ম্যাচের খুব অল্প সময় আগে পৌঁছানো। বুরকিনা ফাসোর মিডিয়া আউটলেটগুলো জানিয়েছে, ফ্লাইটের দীর্ঘ সময় এবং ম্যাচের আগে পর্যাপ্ত সময় না থাকায় মূল জাতীয় দলের বেশ কয়েকজন সদস্য শেষ পর্যন্ত এই পরিস্থিতিতে ভ্রমণ করতে অস্বীকৃতি জানান।
কোন কোন খেলোয়াড়কে দলের বাইরে রাখা হয়েছে ফেডারেশন তা সুনির্দিষ্ট করে না বললেও, ধারণা করা হচ্ছে যে ১৮ বছর বয়সী মিডফিল্ডার শেক বেবেল দুম্বিয়াই একমাত্র সিনিয়র খেলোয়াড় যিনি আর্জেন্টিনায় ভ্রমণ করেছেন। তিনি বর্তমানে রোমানিয়ার প্রথম বিভাগের ক্লাব র্যাপিড বুখারেস্টে খেলেন। প্রতিনিধি দলের বাকি অংশ পূরণ করা হয় অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের দিয়ে, যাদের এমনকি আর্জেন্টিনার বিপক্ষে খেলার জন্য মালি-র বিপক্ষে নির্ধারিত একটি প্রীতি ম্যাচও বাতিল করতে হয়েছে।




