ফাইনালের আগের ফাইনাল নিয়ে রিয়াল কোচের যত দুশ্চিন্তা

রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া।
টুর্নামেন্টে টিকে থাকতে হলে জিততেই হবে। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচের আগে তাই চিন্তার শেষ নেই রিয়াল মাদ্রিদের। রিয়াল কোচ আরবেলোয়া জানালেন, ফাইনালের আগে এটাই তাদের জন্য ফাইনাল।
সময়টা ভালো যাচ্ছে না রিয়ালের। শেষ তিন ম্যাচে জয়ের মুখ দেখেনি দলটি। লা লিগায় দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে শিরোপার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে ভিনি-বেলিংহামদের। ভরসা যে চ্যাম্পিয়নস লিগ, সেখানেও বেহাল দশা। সান্তিয়াগো বার্নাব্যুতে এক যুগেরও বেশি সময় পর বায়ার্নের কাছে পরাস্ত হয়েছে স্বাগতিকরা।
১৬ এপ্রিল আলিয়াঞ্জ অ্যারেনায় কঠিন পরীক্ষার মুখোমুখি রিয়াল। নিজেদের সবটুকু নিংড়ে দিয়েই বায়ার্নের মোকাবিলা করার ব্যাপারে আশাবাদী আরবেলোয়া, ‘আমাদের সবকিছু উজাড় করে মাঠে নামতে হবে। আমরা জয়ের লক্ষ্য নিয়ে জার্মানি যাচ্ছি। শেষ মিনিট পর্যন্ত আমরা লড়ে যাব। এই ম্যাচটাই এখন আমাদের জন্য ফাইনাল।’
দুদিন আগেই লা লিগায় জিরোনার সঙ্গে ড্র করেছে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে এখন ৯ পয়েন্ট পিছিয়ে রিয়াল। শিরোপা স্বপ্ন ফিকে হয়ে যাওয়া রিয়ালের মূল লক্ষ্য এখন তাই চ্যাম্পিয়নস লিগ। সেই চ্যাম্পিয়নস লিগে টিকে থাকতেই ফুটবলারদের আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান রিয়াল কোচের, ‘আমি চাই ফুটবলাররা নিজের ওপর ভরসা রাখুক। যে ২৫ জন আমাদের সঙ্গে জার্মানি যাচ্ছে, তাদের সবার বিশ্বাস থাকা উচিত যে আমরা জয় নিয়ে ফিরতে পারি। কঠিন লড়াই অপেক্ষা করছে। আশা করি, তারা ভালোভাবেই লড়বে।’
প্রথম লেগে ২-১ ব্যবধানে বায়ার্নের কাছে হেরে গিয়েছিল রিয়াল। সেই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়েই মাঠে নামতে চান আরবেলোয়া, ‘আগের ম্যাচে যেসব ভুল আমরা করেছি, সেগুলো নিয়ে পর্যালোচনা করতে হবে। ভুল থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যেতে হবে। কীভাবে বায়ার্নকে হারানো যায়, সেই মন্ত্রটাও খুঁজে বের করতে হবে।’
















