তিন প্রীতি ম্যাচে ভারতের ক্ষতি ৮৫ কোটি রুপি!

সংগৃহীত ছবি
ব্রাজিল, উরুগুয়ে, পানামা; বিশ্বকাপ খেলা তিন দেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে ভারত। এক ড্র ও দুই বড় হার; তিন ম্যাচে ফলাফল ঠিক ভারতের পক্ষে না এলেও শক্তিশালী তিন প্রতিপক্ষের বিপক্ষে খেলাটা ভারতীয় ফুটবলের জন্য 'ল্যান্ডমার্ক' বলেই মনে করেছেন দেশটির ফুটবল বিশ্লেষকরা। তবে এবার সামনে এলো ভিন্ন এক খবর। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই তিন প্রীতি ম্যাচ খেলতে গিয়ে ৮৫ কোটি রুপির আর্থিক ঘাটতিতে পড়েছে দেশটি ফুটবল ফেডারেশন!
রবিবার বসেছিল ভারতীয় ফুটবল ফেডারেশনের বিশেষ সাধারণ সভা। এই সভার পর এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, ব্রাজিল, উরুগুয়ে ও পানামার বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে প্রায় ৮৫ কোটি রুপির ক্ষতির মুখে পড়েছে ফেডারেশন। তবে ঠিক কত টাকার ঘাটতি তৈরি হয়েছে, তা সদস্যদের জানানো হয়নি। ম্যাচ আয়োজনের চুক্তিতে এই নিয়ে গোপনীয়তার শর্ত থাকায় টাকার অঙ্ক প্রকাশ করা হয়নি বলে দাবি ওই কর্মকর্তার।
শুধু তাই নয়, এই ঘাটতি মেটাতে ফেডারেশনের ফিক্সড ডিপোজিট ভাঙার প্রস্তাবও দিয়েছিলেন সভাপতি কল্যাণ চৌবে! চৌবে অবশ্য পরে সদস্যদের আশ্বাস দেন, বাইরের কোথাও থেকে টাকার ব্যবস্থা করে এই টাকা ফেডারেশনকে ফেরত দেওয়া হবে।
তবে সভাপতির এমন প্রস্তাবের বিরুদ্ধে ছিলেন প্রায় সবাই। কোনভাবেই তারা ফিক্সড ডিপোজিট ভাঙতে রাজি হননি।
এই বিতর্কের মধ্যেই চৌবের পুরনো এক মন্তব্য নতুন করে সামনে এসেছে। ওই তিন ম্যাচের আগে তিনি জানিয়েছিলেন, ম্যাচগুলোর ব্যয় ফেডারেশন বহন করবে না।
শেষ পর্যন্ত এই ক্ষতি কীভাবে কাটিয়ে উঠবে ভারত, সেটাই দেখার বিষয়। এই মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা।



