এল ক্লাসিকো
ইয়ামালের জন্য কৌশল বদলাবেন না মরিনহো

সংগৃহীত ছবি
এল ক্লাসিকোর আগে বার্সেলোনা তারকা লামিন ইয়ামালকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা করতে চান না রিয়াল মাদ্রিদ কোচ জোসে মরিনহো। প্রতিপক্ষের এই তরুণ ফরোয়ার্ডকে সমীহ করলেও তাকে আটকাতে নিজেদের খেলার ধরন বদলাবেন না পর্তুগিজ কোচ। তার মতে, এল ক্লাসিকোর মতো ম্যাচে আগের পারফরম্যান্সের কোনো প্রভাব থাকে না।
সোমবার বার্সেলোনার মাঠে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ম্যাচটির আগে দারুণ ছন্দে আছে রিয়াল। নিজেদের সর্বশেষ দুই ম্যাচে সেভিয়া ও আরবি লাইপজিগকে ৪-১ গোলে হারিয়েছে তারা। দুই ম্যাচে আট গোল করে আক্রমণভাগের শক্তিমত্তারও প্রমাণ দিয়েছে দলটি।
বার্সেলোনার আক্রমণভাগে ইয়ামাল যে বড় হুমকি, সেটি স্বীকার করেছেন মরিনহো। তবে শুধু একজন খেলোয়াড়কে আটকাতে নিজেদের কৌশল ও খেলার ধরন বদলানোর কোনো পরিকল্পনা নেই তার।
রিয়ালের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে মরিনহো বলেন, ‘ইয়ামাল দারুণ একজন খেলোয়াড়। আর ভালো খেলোয়াড়দের অবশ্যই সম্মান করতে হয়। তবে কাউকে সম্মান করা আর তাকে আটকাতে নিজেদের পরিকল্পনা, কাঠামো ও খেলার ধরন বদলে ফেলা এক বিষয় নয়। ইয়ামাল কিংবা অন্য কোনো বড় মাপের প্রতিপক্ষের জন্যই আমরা তা করব না।’
দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট হলেও এল ক্লাসিকোতে সেটিকে বাড়তি সুবিধা হিসেবে দেখছেন না রিয়াল কোচ, ‘আমরা ভালো ছন্দে আছি। ম্যাচ জিতছি, ভালো খেলছি, গোলও করছি। কিন্তু এল ক্লাসিকোতে এসবের কোনো প্রভাব পড়ে না। এই ম্যাচগুলো আলাদা।’
মরিনহোর মতে এল ক্লাসিকোর গুরুত্ব শুধু দুই দলের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং বিশ্বজুড়েই ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকে এই লড়াই, ‘আমার অভিজ্ঞতায়, এল ক্লাসিকো কিংবা ডার্বির আগে কী হয়েছে তা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে মৌসুমে অন্তত দুটি ক্লাসিকো হয়, কখনো আরও বেশি। এই ম্যাচের বৈশ্বিক আবেদনই একে অনন্য করে তুলেছে।’
বার্সেলোনার মাঠে সোমবারের লড়াইয়ে তাই নিজেদের স্বাভাবিক খেলাতেই ভরসা রাখতে চান মরিনহো। তার চাওয়া ম্যাচটি উপভোগ্য হোক তবে শেষ হাসি হাসুক রিয়াল মাদ্রিদই।



