আলভারেসকে না পেয়ে জেসুসকে আনছে বার্সেলোনা

সংগৃহীত ছবি
হুলিয়ান আলভারেসকে দলে ভেড়ানোর চেষ্টায় ব্যর্থ হয়ে দ্রুত বিকল্প খুঁজে নিয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কঠোর অবস্থানের কারণে আলভারেসকে না পাওয়ায় আর্সেনালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসকে দলে নেওয়ার উদ্যোগ নিয়েছে কাতালান ক্লাবটি।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, রবার্ট লেভানডফস্কির বিদায়ের পর স্ট্রাইকার পজিশনে জেসুসকে বেছে নিয়েছে বার্সেলোনা।
২০২৭ সাল পর্যন্ত আর্সেনালের সঙ্গে চুক্তি রয়েছে জেসুসের। তবে বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের হয়ে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না তিনি। কাই হাভার্টজ ও ভিক্টর গিওকারেসের কারণে একাদশে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের জন্য। ফলে ক্লাব ছাড়ার পথ খুঁজছিলেন তিনি।
পালমেইরাসে খেলার সময় থেকেই বার্সেলোনায় খেলার স্বপ্ন দেখতেন জেসুস। ২০১৬ সালে ব্রাজিলিয়ান ক্লাবটি ছেড়ে প্রিমিয়ার লিগে পাড়ি জমানোর আগে থেকেই কাতালান ক্লাবটির প্রতি তার আগ্রহ ছিল। এবার সেই স্বপ্ন পূরণে করার সুযোগ পেয়েছেন তিনি।
২০২৫ সালের জানুয়ারিতে বাঁ হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্টে (এসিএল) চোট পেয়েছিলেন জেসুস। তাকে দলে নেওয়ার আগে তার শারীরিক অবস্থা যাচাই করেছে বার্সেলোনা। তবে ওই চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন তিনি।
জেসুসকে দলে নিলেও আলভারেসের প্রতি বার্সেলোনার আগ্রহ শেষ হয়ে যাচ্ছে না। আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ভবিষ্যতের অন্য কোনো দলবদলের মৌসুমে দলে ভেড়ানোর পরিকল্পনা এখনও রয়েছে কাতালানদের।
এদিকে দলবদল বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, গ্যাব্রিয়েল জেসুসকে দলে নিতে আর্সেনালের সঙ্গে চুক্তিতে পৌঁছে গেছে বার্সেলোনা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘বার্সেলোনা গাব্রিয়েল জেসুসকে দলে নেওয়ার জন্য আর্সেনালের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। চুক্তি সম্পন্ন।’
রোমানোর তথ্য অনুযায়ী, সোমবার জেসুসের মেডিকেল পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তার স্থায়ী দলবদলের জন্য আর্সেনাল পাবে এক কোটি ইউরো। এর সঙ্গে পারফরম্যান্সভিত্তিক অতিরিক্ত অর্থও থাকবে।
আর্সেনালের অনুমতি নিয়ে মেডিকেলের জন্য যাবেন জেসুস। বার্সেলোনার সঙ্গে দুই বছরের চুক্তি করবেন তিনি। চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও থাকবে, যা কার্যকর হলে ২০২৯ সাল পর্যন্ত কাতালান ক্লাবটিতে থাকতে পারবেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।







