উসকানি থেকে ভিনিকে বাঁচাতে মরিনহোর নতুন কৌশল

মাঠের ভেতরে প্রতিপক্ষের কড়া ট্যাকল ও উসকানি থেকে ব্রাজিলীয় ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রকে সুরক্ষা দিতে এবং তাকে সঠিক পথে পরিচালিত করতে এক যৌথ কৌশল হাতে নিয়েছে রিয়াল মাদ্রিদ ও কোচ হোসে মরিনহো। ক্লাব ও ম্যানেজারের এই যুগপৎ পদক্ষেপে ভিনির মাঠের বাইরের চাপ কমানোর পাশাপাশি তাকে মানসিকভাবে আরও সংযত রাখার ওপর জোর দেওয়া হচ্ছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’র প্রতিবেদন অনুযায়ী, রিয়াল মাদ্রিদ ভিনির ওপর চলমান বাহ্যিক চাপের বিরুদ্ধে প্রকাশ্যে যেমন ঢাল হয়ে দাঁড়িয়েছে, তেমনি অভ্যন্তরীণভাবে তাকে শুধু ফুটবলে মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছে। সম্প্রতি এস্পানিওলের বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে ভিনির প্রতি হওয়া আচরণের তীব্র নিন্দা জানান পর্তুগিজ কোচ হোসে মরিনহো। ভিনিকে আগলে রেখে তিনি বলেন, ‘এখন ভিনি জুনিয়র আমার। ভিনি কোনো সাধু নয়, তবে তার সঙ্গে যা করা হচ্ছে তা বাড়াবাড়ি। এটা প্রথম মিনিট থেকেই শুরু হয় এবং প্রতিপক্ষ দলগুলো একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে নামে। বিষয়টি এমন যে- “প্রথমে আমি তাকে ফাউল করলাম, এরপর তুমি করো; আমার কার্ড দেখলে তুমি দায়িত্ব নাও।” এভাবে পরিকল্পনা করে তাকে থামানোর চেষ্টা করা হয়।’
ক্লাবের মিডিয়া উইং থেকেও প্রতিপক্ষ খেলোয়াড়দের ধারাবাহিক ফাউলের পরিসংখ্যান ও চিত্র তুলে ধরে ভিনির সুরক্ষায় সোচ্চার ভূমিকা পালন করা হচ্ছে। প্রকাশ্যে সমর্থন দিলেও পর্দার আড়ালে ভিনির জন্য ক্লাবের পক্ষ থেকে কঠোর নির্দেশনা রয়েছে। ম্যাচ চলাকালীন অতিরক্ত উত্তেজনা কিংবা প্রতিপক্ষ সমর্থকদের উসকানির ফাঁদে না পড়ে ভিনিকে মাথা ঠাণ্ডা রাখার তাগিদ দিয়ে চলেছেন মরিনহো ও ক্লাব কর্তারা। গত ম্যাচের প্রথমার্ধের বিরতিতে ভিনির সঙ্গে নিজের আলোচনার কথা জানিয়ে মরিনহো বলেন, ‘তাকে মানসিক নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। আমি তাকে বিরতিতে বিস্তারিত বুঝিয়ে বলেছি—গোল করার পর উদযাপনের সময়ও তাকে সতর্ক থাকতে হবে, যাতে আমি তাকে মাঠে টিকিয়ে রাখতে পারি। আমাদের দায়িত্ব তাকে যথাসম্ভব মানসিকভাবে প্রস্তুত করা। এটুকুই।’








