আবারও ইনজুরি, বছর শেষ মুসিয়ালার

সংগৃহীত ছবি
জামাল মুসিয়ালাকে আবারও দীর্ঘ সময়ের জন্য হারাল বায়ার্ন মিউনিখ। ডান ঊরুর চোটে চলতি বছরের বাকি সময় মাঠের বাইরে থাকতে হবে জার্মান মিডফিল্ডারকে। শুক্রবার এক বিবৃতিতে বায়ার্ন জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত খেলতে পারবেন না তিনি। জার্মান সংবাদমাধ্যমের খবর, তার সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ লাগতে পারে।
কোলনের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে বদলি হিসেবে নামার পর ডান ঊরুতে অস্বস্তি অনুভব করেন মুসিয়ালা। সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে একই জায়গায় চোট পেয়েছিলেন তিনি। সেই চোটে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হয় তাকে।
এরপরও চ্যাম্পিয়নস লিগে লিলের বিপক্ষে খেলতে আগ্রহী ছিলেন মুসিয়ালা। কোচ ভিনসেন্ত কোম্পানি তাকে খেলতে নিষেধ করে ব্যক্তিগতভাবে কথা বললেও শেষ পর্যন্ত ৭৬ মিনিটে টম বিশফের বদলি হিসেবে মাঠে নামেন তিনি। ২-১ গোলে হেরে যায় বায়ার্ন। মাঠে নামার কয়েক মিনিটের মধ্যেই ব্যথা বেড়ে যায় মুসিয়ালার। পরে এমআরআই পরীক্ষায় নতুন করে চোট ধরা পড়ে।
এদিকে মুসিয়ালার ফিটনেস নিয়ে প্রকাশ্যেই প্রশ্ন তুলেছেন বায়ার্নের দুই প্রভাবশালী কর্মকর্তা উলি হোনেস ও কার্ল-হেইঞ্জ রুমেনিগে। রুমেনিগের আশঙ্কা, আগের মতো পারফরম্যান্সে ফিরতে নাও পারেন এই তারকা।



