নেইমারের ১০ নম্বর জার্সি পাচ্ছেন রাফিনিয়া

সংগৃহীত ছবি
বিশ্বকাপের পর জাতীয় দলকে বিদায় বলেছিলেন নেইমার। তার বিদায়ের পর থেকেই সবার আগ্রহ সেই ১০ নম্বর জার্সি নিয়ে। ব্রাজিল ফুটবল ফেডারেশন জানিয়ে দিল, সেই আইকনিক ১০ নম্বর জার্সি উঠছে রাফিনিয়ার গায়েই।
আন্তর্জাতিক বিরতির তিনটি প্রীতি ম্যাচের জন্য দলের নতুন জার্সি নম্বর প্রকাশ করেছে ব্রাজিল। সেখানে নেইমারের ১০ নম্বর জার্সিটি পেয়েছেন বার্সেলোনা তারকা রাফিনিয়া।
রাফিনিয়া অবশ্য আইকনিক ১০ নম্বর জার্সিতে একেবারে নতুন নন। নেইমারের অনুপস্থিতিতে ২০২৪ সালে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও তিনি ১০ নম্বর পরেছিলেন।
রাফিনিয়া ১০ নম্বর জার্সি পাওয়ায় তার পুরোনো ১১ নম্বর গেছে এস্তেভাওয়ের কাছে। ভিনিসিয়ুস জুনিয়র থাকছেন ৭ নম্বরেই। আর ৯ নম্বর জার্সি পেয়েছেন এন্দ্রিক।
দগলাস সান্তোস পেয়েছেন ৬ নম্বর এবং কাসেমিরোর ৫ নম্বর জার্সিটি উঠেছে দানিলো সান্তোসের গায়ে।
আজ প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল।



