আল-হিলাল ছাড়ার সিদ্ধান্ত বেনজেমার

সংগৃহীত ছবি
সৌদি আরবের ক্লাব আল-হিলাল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন করিম বেনজেমা। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ক্লাবটির সঙ্গে চুক্তি বাতিল করতে রাজি হয়েছেন ফরাসি তারকা ফরোয়ার্ড। দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফাব্রিজিও রোমানো এ তথ্য জানিয়েছেন।
এই সিদ্ধান্তের ফলে খুব দ্রুতই আল-হিলালে বেনজেমা অধ্যায়ের সমাপ্তি ঘটছে। ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড এখনো নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে জলদি নিজের পরবর্তী গন্তব্য কিংবা ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত জানাবেন বলে ধারণা করা হচ্ছে।
রোমানোর তথ্য অনুযায়ী, বেনজেমার সামনে দুটি সম্ভাবনা রয়েছে। তিনি ফুটবল থেকে অবসর নিতে পারেন কিংবা সৌদি আরবের অন্য কোনো ক্লাবে যোগ দিতে পারেন। তবে এই মুহূর্তে ইউরোপের ফুটবলে ফেরার সম্ভাবনা নেই বলেই জানা গেছে।
চলতি বছরের শুরুতে আল-হিলালে যোগ দিয়েছিলেন বেনজেমা। ২০২৭ সালের জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি করেছিলেন তিনি। এর আগে ২০২৩-২৪ মৌসুম থেকে সৌদি ক্লাব আল-ইত্তিহাদের হয়ে খেলেছেন এই ফরাসি তারকা। তারও আগে টানা ১৪ বছর রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলেছেন বেনজেমা।
আল-হিলালে যোগ দেওয়ার পর ১৪ ম্যাচ খেলেছেন বেনজেমা। এতে ১০ গোল করার পাশাপাশি ৫টি গোলে অ্যাসিস্ট করেছেন তিনি।







