চ্যাম্পিয়নস লিগ
ভিনির শাস্তিতে ক্ষুব্ধ মরিনহো

সংগৃহীত ছবি
ওই ঘটনার জন্য শাস্তি পেতে যাচ্ছেন, সে মোটামুটি অনুমেয়ই ছিল। তবে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের শাস্তিটা যে এত বড় হবে, সেটা হয়তো ভাবেনি ক্লাব। চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে মাঠে নামার ঘণ্টা দুয়েক আগে ভিনি জানতে পারেন, লা লিগায় চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। রোমার ম্যাচে শ্বাসরুদ্ধকর এক প্রত্যাবর্তনের পর ক্ষুব্ধ কোচ জোসে মরিনহো জানালেন, ম্যাচের আগে এমন নিষেধাজ্ঞার খবরে ভিনির খেলায় প্রভাব পড়েছে।
গত শনিবার ভিয়ারিয়াল ডিফেন্ডার ন্যাথান সালিবার চুল টেনে ধরায় লাল কার্ড দেখেছিলেন ব্রাজিলিয়ান তারকা। রোমার ম্যাচের দুই ঘণ্টা আগে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি ঘোষণা করে, লা লিগায় পরের চার ম্যাচে নিষিদ্ধ থাকবেন ভিনি। এতে সেভিয়া, বার্সেলোনা, রেসিং সান্তানদের ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তিনি।
রোমার বিপক্ষে জয়ের পর ভিনির পারফরম্যান্স প্রসঙ্গে বলতে গিয়ে মরিনহো জানান, ‘এটা কী স্বাভাবিক যে, কোনো স্প্যানিশ দলের একজন খেলোয়াড়, যে স্প্যানিশ ফুটবলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ খেলতে যাচ্ছে, এর মাত্র দুই ঘণ্টা আগে জানতে পারল যে তাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে? এটা স্বাভাবিক নয়। এটা কি এখন বা আগামীকাল সকালে করা যেত না? আমরা বাসের মধ্যে, যখন প্রায় স্টেডিয়ামে ঢুকছি তখন এই খবর জানতে পেরেছি। এভাবেই আপনি একটি খেলোয়াড়কে শেষ করে দিয়েছেন।‘
৫৮ মিনিটে মাঠ থেকে তুলে নেওয়ার সময় বেশ হতাশ ও অসন্তুষ্ট দেখাচ্ছিল ভিনিকে। কেবল ভিনির শাস্তি ঘোষণার সময় নয়, রিয়ালের খেলার সূচি নিয়েও বিরক্ত মরিনহো, ‘আগামী ৪ নভেম্বর, বুধবার রাতে এথেন্সে খেলা। মাদ্রিদে পৌঁছাতে সম্ভবত ভোর ৫টা বেজে যাবে। আর তারপর শনিবার (৭ নভেম্বর) ভালেন্সিয়াতে খেলা- আন্তর্জাতিক বিরতির আগের সপ্তাহে এটা করার কোনো মানে হয় না, একদমই কোনো মানে হয় না।তারা আপনাকে শনিবার ভালেন্সিয়াতে খেলাচ্ছে, যা খুব কঠিন একটি ম্যাচ। এটা আমার কাছে স্বাভাবিক কোনো ঘটনা বলে মনে হয় না। আমি এই সাধারণ অজুহাতগুলো বিশ্বাস করি না, কারণ আমি ২৫ বছর ধরে ফুটবলের সাথে আছি। টিভির অজুহাত দেখানো হয় যে, টিভি ম্যাচের জন্য শনিবার বেছে নিয়েছে। আমি এটা আর বিশ্বাস করি না। এগুলো বিশ্বাস করার বয়স আমার পার হয়ে গেছে। মাদ্রিদ সমর্থকরা বোকা নয়। আর মানুষের চোখ খুলে দেওয়ার জন্য সম্ভাব্য সবকিছু আমি করব।‘



