অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ
ফাইনালে হেরে ১৩০তম বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে প্লেট পর্বের ফাইনালের বাধা পেরোতে পারল না বাংলাদেশের কিশোররা। টায়ার ই-এর ফাইনালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে ৪-১ গোলে হেরে বাংলাদেশ হয়েছে ১৩০ তম। মূল বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারিত হবে টায়ার এ- থেকে।
ম্যাচের ১৪তম মিনিটে গোল করে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিককে এগিয়ে নেন মহি। এর ঠিক দুই মিনিট পর পেনেল ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচের ২৬তম এবং ৩৯তম মিনিটে আরও দুটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মহি। ২৩তম মিনিটে বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি পরিশোধ করেন তাকিব।
প্রতিযোগিতায় গ্রুপপর্বে ৫টি ম্যাচের একটিতে জয়, দুটিতে ড্র এবং দুটিতে হেরেছে বাংলাদেশ। ইউরোপের দল ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্রয়ে আসর শুরু করে। এরপর পর্তুগালের বিপক্ষে হারে ৩-১ গোলে। ইন্দোনেশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র আর বুরুন্ডির কাছে হারে ২-০ গোলে। তবে আকবর হোসেন রিদনের শিষ্যরা ফিজিকে হারায় ৩-১ ব্যবধানে।বাংলাদেশ প্লেট পর্বে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে টাইব্রেকারে হারায় সিশেলসকে। শেষ ষোলোতে সিঙ্গাপুরকেও হারায় টাইব্রেকারে । এরপর কোয়ার্টারে মন্টেনেগ্রোকে বিধ্বস্ত করে ৪-০ গোলে। সেমিফাইনালে লাল-সবুজের দল আফ্রিকার দেশ গ্যাবনকে হারায় ১-০ গোলে।




