চ্যাম্পিয়নস লিগ
পিএসজি ম্যাচের আগে কী নিয়ে চিন্তায় ফ্লিক?

সংগৃহীত ছবি
এই মৌসুমের শুরু থেকেই বার্সেলোনা আছে বিধ্বংসী মুডে। লা লিগায় ৯ ম্যাচ, চ্যাম্পিয়নস লিগে দুই; ১১ ম্যাচেই অপরাজিত আছে তারা। ১১ ম্যাচে তাদের গোল ৪৮টি! আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি কাতালানরা। হাই ভোল্টেজ এই ম্যাচের আগে বার্সা কোচ হান্সি ফ্লিক বলছেন, আক্রমণাত্মক ফুটবল খেললে অনেক গোলের সঙ্গে গোল হজমও করতে হবে।
ফ্লিকের হাই প্রেসিং ফুটবল নিয়ে অনেক কথাই হয়েছে। এতে সাফল্য পেলেও প্রতি ম্যাচেই গোল হজম করতে হয়েছে দলকে। পিএসজির বিপক্ষে ম্যাচের আগেও স্বাভাবিকভাবে উঠল সেই প্রসঙ্গ।
ফ্লিকও কোনো দ্বিধা ছাড়াই মেনে নিলেন এর সম্ভাব্য ঝুঁকির দিকটি। তবে এভাবে খেলে তাদের সফল হওয়ার দিকটিও তুলে ধরলেন তিনি, ‘উপরে উঠে রক্ষণ সামলানোয় সবসময়ই একটা ঝুঁকি থাকে। কিন্তু এক্ষেত্রে মূল বিষয় হলো পজেশন হারানোর পর আমরা কিভাবে প্রতিক্রিয়া দেখাই। নিজেদের মধ্যে কেমন দুরত্ব বজায় রাখি, সেইসব। এই কাজগুলো যদি আমরা ভালোভাবে করতে পারি, তাহলে রক্ষণভাগ উপরে তুলে খেলায় অনেক বড় সুবিধাও আছে।‘
দল অনেক গোল করছে এটা আবারও মনে করিয়ে দিলেন ফ্লিক, ‘গত সাত ম্যাচে আমরা কেবল এক ম্যাচে জাল অক্ষত রাখতে পেরেছি, কিন্তু আমরা অনেক গোলও করেছি।‘



