শুক্রবার ফর্টিসের হয়ে সুকির শেষ

সংগৃহীত ছবি
জাপান থেকে উড়ে এসে ফর্টিস ফুটবল ক্লাবে মৌসুমের শুরুতে যোগ দিয়েছিলেন জাতীয় দলের খেলার স্বপ্নের সিঁড়ি খুঁজে পেতে। সুকি ইতোফুসা সেটা পেয়েছেন, লাল-সবুজের প্রতিনিধিত্ব করেছেন পরপর দুটি টুর্নামেন্টে। ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপে অভিষেকের পর ঘরের মাঠে খেলেছেন সাফ চ্যাম্পিয়নশিপ। সেমিফাইনালের ব্যর্থতার পর ক্লাবে ফিরেই জানিয়েছিলেন নিজেকে পরিণত করতে খেলতে চান বাংলাদেশের বাইরের বড় কোনো লিগে। ফর্টিসও এই জাপান বংশোদ্ভূত তরুণ ফরোয়ার্ডকে আটকে রাখেনি। বরং তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। সুকি শুক্রবার বাংলাদেশ ফুটবল লিগে ফর্টিসের জার্সিতে খেলবেন শেষ ম্যাচ। বসুন্ধরা কিংস অ্যারেনায় স্বাগতিক কিংসের বিপক্ষে এই ম্যাচের পর আর ফর্টিসের থাকছেন না সুকি।
অল্প সময়েই এই তরুণকে আপন করে নিয়েছিল ফর্টিসের ফুটবলাররা। দেশি-বিদেশি সব সতীর্থের সঙ্গে গড়ে উঠেছিল ঘনিষ্ঠতা। সাফ খেলে ফেরার পর কিছুটা চোট ছিল, তাই ফেডারেশন কাপের ম্যাচটা খেলেননি। শুক্রবার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচেও হয়তো শুরু থেকে দেখা যাবে না তাকে। প্রয়োজনে তাকে বেঞ্চ থেকে নামানো হতে পারে বলে জানান কোচ মাসুদ পারভেজ কায়সার। তবে আগের দিন প্র্যাকটিস গ্রাউন্ডে প্রিয় সতীর্থকে ঠিকই বিদায় জানিয়েছেন সতীর্থরা। গার্ড অব অনার দেওয়ার মতো করে সারিবদ্ধ দাঁড়িয়ে সুকিকে ভালোবাসায় সিক্ত করেন তারা।
সুকির বিদায়ী ম্যাচটা জিততে চান কোচ কায়সার, 'আমরা আসলে কাউকে আটকে রাখতে চাই না। ও যেহেতু যেতে চেয়েছি, আমরা বাধা দিইনি। ওর প্রতি অনেক শুভ কামনা থাকল। ওই বিদায় ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বসুন্ধরা কিংসকে হারাতে পারার আমাদের জন্য বড় প্রাপ্তি হবে। আমরা জয়ের জন্যই ঝাপাবো।'
এ ম্যাচের পর সুকিকে হয়তো দেখা যাবে ভিনদেশের কোনো লিগে খেলতে। তার স্বপ্ন যে আরও পরিণত হয়ে ফেরার, জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার।




