এক নজরে বিশ্বকাপে মেসির ১৮ গোল

সংগৃহীত ছবি
১৩ গোল নিয়ে এবারের বিশ্বকাপে এসেছিলেন তিনি। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচেই লিওনেল মেসি করলেন হ্যাটট্রিক, ছুঁলেন মিরোস্লাভ ক্লোসার রেকর্ড। অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জোড়া গোলে মেসি ছাড়িয়ে গেলেন সবাইকে। ১৮ গোলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন মেসিই।
২০০৬ সালে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে দেখা গিয়েছিল ১৮ বছর বয়সী মেসিকে। এরপর পেরিয়ে গেছে ২০ বছর। টানা ষষ্ঠ বিশ্বকাপ খেলে অনন্য কীর্তি গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
নিজের প্রথম বিশ্বকাপে প্রথম গোলের দেখা পান মেসি। ২০০৬ আসরে সার্বিয়ার বিপক্ষে বদলি হিসেবে নেমে ৮৮ মিনিটে গোল করেন ১৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা।
২০১০ বিশ্বকাপটা ভালো কাটেনি মেসি। সেই আসরে গোলশূন্য থেকেই বিদায় নেন তিনি। ২০১৪ বিশ্বকাপে মেসি করেন চারটি গোল। মারাকানায় বসনিয়ার বিপক্ষে ৬৫ মিনিটের মাথায় হিগুয়েইনের সঙ্গে ওয়ান টু ওয়ানে খেলে বল জালে জড়ান মেসি।
ইরানের বিপক্ষে ইনজুরি টাইমের প্রথম মিনিটে বিশ্বকাপে নিজের তৃতীয় গোল পান মেসি। নাইজেরিয়ার বিপক্ষে জোড়া গোল পান মেসি। ম্যাচের ৩ ও ৪৫ মিনিটের মাথায় দুটি গোল করেন তিনি।
২০১৮ বিশ্বকাপে মাত্র একটি গোল পেয়েছেন তিনি। নাইজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজের ষষ্ঠ গোলটা মেসি পান ১৪ মিনিটের মাথায়, এভার বানেগার পাস থেকে।
২০২২ বিশ্বকাপে মেসি করেন ৭ গোল। সৌদি আরবের বিপক্ষে দশম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি। দল অবশ্য হেরেছিল ২-১ ব্যবধানে। মেক্সিকোর বিপক্ষে ৬৪ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া বুলেট শটে করেন নিজের ৮ম বিশ্বকাপ গোল।
৯ম গোল আসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে। ক্যারিয়ারের হাজারতম ম্যাচে ৩৫ মিনিটে করেন গোল, যা বিশ্বকাপ নকআউটে তার প্রথম।
কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৭৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ২-০-তে এগিয়ে দেন দলকে। এটি বিশ্বকাপে তার ১০ম গোল।
বিশ্বকাপে মেসির ১১তম গোল আসে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লিড এনে দেন আর্জেন্টিনাকে।
ফাইনালে মেসি করেন জোড়া গোল। ২৩ মিনিটে পেনাল্টি ও অতিরিক্ত সময়ে ১০৮মিনিটে করা গোলে মেসি ছুঁয়ে ফেলেন ফ্রান্সের জাস্ট ফন্টেইনকে।
২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক পান মেসি। ১৭, ৬০ ও ৭৬ মিনিটে গোল করেন মেসি। এই ম্যাচে ভাঙ্গেন ব্রাজিলের রোনালদো নাজারিওর রেকর্ড, ছুঁয়েছেন ক্লোসার ১৬ গোলের রেকর্ড।
অস্ট্রিয়ার বিপক্ষে ৩৮ মিনিটে গোল করে রেকর্ড ১৭তম গোল পেয়েছেন মেসি, ছাড়িয়ে গেছেন ক্লোসাকে। এরপর ম্যাচের ৯৫ মিনিটের মাথায় আরেকটি গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। এই মুহূর্তে ১৮ গোল নিয়ে সবার উপরে আছেন মেসি।




